‘সেই রাজা নেই, সেই রাজ্যও নেই’। দেশের ফুটবলে একসময়ের প্রাণ মোহামেডান ও আবাহনীর লড়াই নিয়ে যেই উন্মাদনা ছড়াতো সেই ছিটেফোটাও এখন আর নেই। তবুও দল দুটোর পোড়খাওয়া সমর্থকরা এখনই পুরনো দিনের লড়াইয়ের স্মৃতি রোমন্থন করেন, এখনও প্রিয় দলের খোঁজ খবর রাখেন। দলদুটোর সর্বশেষ লড়াইয়ে আবাহনী লিমিটেডকে (ঢাকা) ২-১ গোলে হারিয়েছে সাদা-কালো জার্সিধারীরা।
গোপালগঞ্জ স্টেডিয়ামে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে ম্যাচের ৩৯ মিনিটে লিড নিয়েছিলো আবাহনী। কিন্তু ৫১ ও ৫৪তম মিনিটে দুই গোল করে মোহামেডানকে জয় এনে দেন এমানুয়েল সানডে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে মতিঝিল ক্লাব পাড়ার দলটি।
৩৫তম ফেডারেশন কাপে আবাহনী লিঃ (ঢাকা) ও মোহামেডান আগেই কোয়ার্টাইনাল নিশ্চিত করেছিলো। সমীকরণ ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। আবাহনীর প্রয়োজন ছিলো ড্র করার। সে লক্ষ্যে প্রধমার্ধের গোলে তারা এগিয়েও গিয়েছিলো। কিন্তু দ্বিতীয়ার্ধের দুই গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের শেষ আটে উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মোহামেডান। আর ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হলো আবাহনী।
