মাত্র ১৫ বলেই ৫ উইকেট! স্টার্কের দুর্ধর্ষ বোলিংয়ে টেস্ট ইতিহাসে নজির

টেস্ট ক্রিকেটের দেড় শতকের ইতিহাসে এত দ্রুত কেউ ‘ফাইফার’ নেননি। মাত্র ১৫ বলেই ৫ উইকেট শিকার করে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান গতিতারকা মিচেল স্টার্ক। সোমবার (১৪ জুলাই) কিংসটনের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অসাধারণ কীর্তি গড়েন বাঁহাতি পেসার।

অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধসে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। মাত্র ১১ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। স্টার্ক একাই শিকার করেন ৫টি উইকেট, তাও আবার মাত্র ১৫ বলেই!

ইনিংসের প্রথম বলেই স্টার্ক ফিরিয়ে দেন ওপেনার জন ক্যাম্বেলকে। এরপর এক ওভারেই দুই বলে আরও দুই উইকেট তুলে নেন—পঞ্চম এবং ষষ্ঠ বলে আউট করেন অ্যান্ডারসন ও কিং কে। এক ওভারেই হ্যাটট্রিক না হলেও তিন উইকেট তুলে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে ফের স্টার্ক ঝড়। প্রথম বলেই এলবিডব্লিউ করেন মিকাইল লুইসকে। এই উইকেটের সঙ্গে সঙ্গেই স্টার্ক পৌঁছে যান টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের অভিজাত ক্লাবে। অস্ট্রেলিয়ার ইতিহাসে এর আগে এই ক্লাবে নাম তুলেছিলেন মাত্র তিনজন—শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) এবং নাথান লায়ন (৫৬২)।

তৃতীয় ওভারের তৃতীয় বলেই নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন স্টার্ক। তার ১৪৪ কিমি গতির বল পরাস্ত করে এলবিডব্লিউ হন শেই হোপ।

টেস্ট ইতিহাসে এত কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড নিজের নামে করে নিয়ে, টেস্ট ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মিচেল স্টার্ক।

Exit mobile version