মাহমুদুল্লাহর অবসরের ব্যাপারে যা জানালেন বিসিবি সভাপতি

দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। গুঞ্জন উঠেছে আসন্ন বিশ্বকাপের পর পরই অবসরে যাবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। বর্তমানে খেলছেন শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেছিলেন রিয়াদ।

সেখানে মাহমুদুল্লাহর অবসরের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি জানান, ‘ও (মাহমুদউল্লাহ) অবসর নেবে! এসব নিয়ে কোনো কথাই হয়নি, কী বলছেন আপনারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে। কারণ ও এখনো খেলছে খেলুক।’

Exit mobile version