মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ফিরতি লেগের খেলায় মিডলসব্রোকে উড়িয়ে কারাবাও কাপের ফাইনালে পৌঁছেছে। নিজেদের মাঠের খেলায় ৬-১ গোলে জয় পেয়েছে। আর গোল গড়ে জয় ৬-২ ব্যবধানে।
লিগ ফুটবলে অবস্থা তেমন একটা স্বস্তির নয় চেলসির। লিগ লড়াই শেষ হতে এখনো অনেক বাকি থাকলে তাদের স্বপ্ন শেষ। তবে কারাবাও কাপ তাদের একটু হলেও স্বস্তি এনে দিয়েছে।
লিগে চেলসির অবস্থান নবম স্থানে। দুই সপ্তাহ আগে কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তারা ০-১ গোলে হেরেছিল। ফলে এই ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে এ ম্যাচ শেষে কোচ মাউরিসিও পচেত্তিনো কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
মিডলসব্রো অবশ্য এ ম্যাচে তাদের সেরা একাদশ নামাতে পারেনি। ইনজুরির কারণে বেশ কিছু নিয়মিত খেলোয়াড় এ ম্যাচে ছিলেন না। শুধু তাই নয়, চেলসিকে প্রথম গোলটা তারাই উপহার দিয়েছিল।
অধিনায়ক জনি হোসনের আত্মঘাতি গোলে এগিয়ে যায় চেলসি। তারপরেই গোলের পথটা চিনে ফেলে তারা। বিরতির আগে ৪-০ গোলে এগিয়ে যায়। এ সময়ে এঞ্জো ফার্নান্দেজ, অ্যাক্সেল দিসাসি ও কোল পালমার গোল করেন। দ্বিতীয়ার্ধে নোনি মাদুকে ও কোল পালমার গোল করেন।
এ জয়ের ফলে চেলসির সামনে এখন ষষ্ঠবারের মতো কারাবাও কাপ জয়ের সুযোগ।
সর্বশেষবার তারা এ কাপের দেখা পেয়েছিল ২০১৫ সালে। তবে ফাইনাল ম্যাচটা তাদের জন্য সহজ নাও হতে পারে। কেননা এ ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে লিভারপুল।
ফাইনালে ওঠার জন্য লিভারপুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ফুলহাম।
দুই বছর আগেও চেলসি ফাইনালে উঠেছিল। কিন্তু লিভারপুলের কাছে হেরে তাদের হতাশ হতে হয়েছিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














