মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

প্রায় ২০ বছরের ক্যারিয়ার। লম্বা ক্যারিয়ারে অর্জনও ছিল অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকাতেও থাকবে মুশফিকুর রহিমের। অথচ কাল তিনি কি না এই সংস্করণের ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই। দেশের রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিকও ব্যতিক্রম হতে পারেননি। তবে তার বিদায়ের ওই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে আজ ৬ মার্চ মিরপুরে শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। আর সে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এসময় ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন। তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তাঁরাও।

Exit mobile version