মিরাজ বিশ্বমানের বোলার: তাহির

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে প্রথম ম্যাচে বল হাতে ১৩ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা।

গায়ানার হয়ে খেলা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার মিরাজ। এর আগে গ্লোবাল সুপার লিগে গায়ানার জার্সিতে খেলেছিলেন পেসার তানজিম হাসান সাকিব। এবার সিপিএলে গায়ানার দলে জায়গা করে নিয়েছেন মিরাজ।

ব্যাট হাতে অবশ্য নিজের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি মিরাজ। ৪ বল খেলে করেছেন মাত্র ১ রান। তবে বল হাতে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন তিনি। মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ম্যাচ শেষে মিরাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গায়ানার অধিনায়ক ও অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির। মিরাজকে বিশ্বমানের বোলার উল্লেখ করে তাহির বলেন, ‘আমাদের দলে (মোহাম্মদ) নবী ছিল। সে খুবই উঁচুমানের বোলার, সে-ই আমাদের সেরা বোলার ছিল। মিরাজ সেখানে এসে সত্যিই ভালো বোলিং করেছে। আমরা এমনটাই ভাবছিলাম। তাকে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার!’

মিরাজের আন্তর্জাতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তাহির। তিনি বলেন, ‘মিরাজ বিশ্বমানের বোলার। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের নানা প্রান্তে পারফর্ম করে এসেছে। তার সঙ্গে এবং বাকিদের সঙ্গেও বল করে যেতে আমি দারুণ রোমাঞ্চিত।’

মিরাজের অভিষেক ম্যাচেই অবশ্য গায়ানার বোলিং আক্রমণে আলো ছড়িয়েছেন অধিনায়ক তাহির নিজেও। তিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

এ জয়ের ফলে সিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ৭ জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles