মিলিকের হ্যাটট্রিকে সেমিফাইনালে জুভেন্টাস

ইতালিয়ান কাপ

একদিকে জুভেন্টাস, অন্যদিকে প্রথম বিভাগে নতুন আসা দল ফ্রোসিনোন। যা হওয়ার তাই হয়েছে। ইতালিয়ান কাপে অসম এ লড়াইয়ে উড়ে গেছে ফ্রোসিনোন। ৪-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। হ্যাটট্রিক করেচেন আর্কাডিউসজ মিলিক। এ জয়ে জুভেন্টাস পৌঁছেছে সেমিফাইনালে।

ম্যাচে যে জুভেন্টাস জয় পেতে যাচ্ছে শুরুতেই পরিস্কার হয়ে যায়। ১১ মিনিটে মিলিক প্রথম গোল করেন। এ গোলটি ছিল পেনাল্টি থেকে পাওয়া। ফ্রোসিনোন গোলরক্ষককে ভুল পথে প্রভাবিত করে সহজেই দলকে এগিয়ে নেন মিলিক।

৩৮ মিনিট ব্যবধান বাড়ান পোলিশ এ স্ট্রাইকার। প্রতিপক্ষের পোস্টের খুব কাছে থাকা অবস্থায় ম্যাককেনির কাছে পাওয়া বল কাঙ্খিত লক্ষ্যে পাঠাতে মোটেও ভুল করেননি মিলিক।

বিরতির পরপরই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। ফ্রোসিনোনের রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে এ গোলটি করেন তিনি।

চতুর্থবারের মতো ফ্রোসিনোনের জালে বল পাঠিয়েছিলেন মিলিক। গোল উদযাপনও করেছিলেন। কিন্তু গোলটি আর পাওয়া হয়নি তার, অফসাইডের কারণে বাতিল করা হয়। তবে চতুর্থ গোল থেকে রেহাই পায়নি ফ্রোসিনোন। ৬১ মিনিটে কেনান ইয়িলডিজ করেন গোলটি।

চমৎকার এ জয়ে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ছেলেদের ধন্যবাদ। তারা দারুণ একটা ম্যাচ খেলেছে, দর্শকদের আনন্দ দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচে থাকে। আজ আমরা কোনো গোল হজম করিনি, এটাও গুরুত্বপূর্ণ।  যাহোক এখন আমাদের সাসুউলোকে নিয়ে চিন্তা করতে হবে। সিরি ‘আ’তে তারা প্রথম লেগের খেলায় আমাদের হারিয়ে দিয়েছিল।

জুভেন্টাস সেমিফাইনালে ল্যাজিওর মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে খেলবে আটালান্টা ও ফিওরেন্টিনা। দুই লেগের ম্যাচ। প্রথম লেগের খেলায় এপ্রিলের প্রথম সপ্তাহে। দ্বিতীয় লেগের খেলা একই মাসের চতুর্থ সপ্তাহে। ফাইনাল ১৫ মে।

এবার শেষ চারে পৌঁছানোর মধ্য দিয়ে জুভেন্টাস ইতালিয়ান কাপে সবচেয়ে বেশিবার সেমিফাইনালে খেলার কীর্তি গড়েছে। ৭৭ আসরের মধ্যে তারা ৩৬বার সেমিফাইনালে খেলেছে।

Exit mobile version