মেসি ফিরেছেন, গোল করিয়েছেন, গোল করেছেন- দলও পেয়েছে জয়। পৌঁছেছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে। আজ সকালে অনুষ্ঠিত নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে ন্যাশভিলেকে ৩-১ গোলে হারিয়ে ৫-৩ গোল গড় নিয়ে ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র ছিল।
আঞ্চলিক এই ক্লাব টুর্নামেন্টে প্রথম লেগের খেলায় নাজুক অবস্থায় ছিল ইন্টার মায়ামি। দুই গোলে পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মেসি ও সুয়ারেজের গোলে সমতায় ফিরিয়েছিল তারা। আজ ম্যাচের শুরুতেই সুয়ারেজ গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন। অষ্টম মিনিটে মেসি ও সুয়ারেজের চমৎকার বোঝাপড়ায় এ গোলটি পায় মায়ামি। ২৩ মিনিটে মেসি আর রূপকার নন, নিজেই গোল করেন। এ গোলের রূপকার ছিলেন সুয়ারেজ। তার কাছ থেকে পাওয়া বলে পেনাল্টি বক্সের মধ্যে থেকে মেসি যে শট নেন তা থামানোর সুযোগই পাননি ন্যাশভিলের গোলরক্ষক।
মেসি অবশ্য এ ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও ছিলেন। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তাকে তুলে নেন কোচ টাটা মার্টিনো। তাকে কেন তুলে নেওয়া হয়েছে তা পরিস্কার নয়। গত রোববারের ম্যাচে কেন তিনি মাঠে ছিলেন না তাও পরিস্কার নয়।
এ ম্যাচের গোল নিয়ে মেসি টানা চার ম্যাচে গোল করলেন। সব মিলিয়ে মৌসুমে তার গোলের সংখ্যা পাঁচ। আর পাঁচ ম্যাচে তার অ্যাসিস্ট চার।
ন্যাশভিলে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। বেশ কয়েকবার তারা জোরালো আক্রমণ করেছে। তবে তাদের ফেরার সম্ভাবনা নস্যাৎ করে দেন রবার্ট টেলর। ৬৩ মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে তিনি দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। ইনজুরি সময়ে ন্যাশভিলে ব্যবধান কমিয়ে ৩-১ করে।
