ফুটবল দুনিয়ায় চিরন্তন প্রশ্ন—কে সেরা? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? মাঠে কিংবা গ্যালারিতে, এমনকি চায়ের দোকানেও এই বিতর্ক যেন থামছেই না। তবে এই আলোচনাকে একদমই গুরুত্ব দেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চোখে সর্বকালের সেরা ফুটবলারের আসনটি একাই দখল করে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মতামত স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি যখন তরুণ ছিলাম, তখন নিউইয়র্ক কসমোস পেলের সঙ্গে চুক্তি করেছিল। পুরো স্টেডিয়াম উপচে পড়া দর্শকে ভরা থাকতো। আমি আসলে যেতে চাইনি। কিন্তু শেষে গেলাম, কারণ পেলের খেলা দেখতে চাইতাম। সে ছিল একেবারে অবিশ্বাস্য।”
পেলে নিউইয়র্ক কসমোসের হয়ে খেলেছিলেন ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। এই সময় ক্লাবটির জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ৬৪ বার এবং গোল করেছিলেন ৩৭টি। ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের জার্সিতেও ইতিহাস গড়েছেন পেলে। বিশ্বকাপ জিতেছেন এক বা দুইবার নয়, পুরো তিনবার। ২০২২ সালে পৃথিবী ছেড়ে বিদায় নেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।
বলা যায় ফুতবল শ্রেষ্ঠত্বের বিতর্কে ফুলবলপ্রেমীরা দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা শুধু আর্জেন্টিনা কিংবা পর্তুগালের চিত্র নয় বরং বিশ্বব্যাপীই এই ঘটনা লক্ষ্য করা যাবে। কিন্তু বর্তমান যুগে মেসি আর রোনালদো নিয়ে যতই আলোচনা হোক না কেন, ট্রাম্পের কাছে সেরা ফুটবলারের মুকুট এখনও পেলের মাথাতেই।
