জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে শিরোপা জেতান রিজান হোসেন। পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও বল হাতে তুলে নেন পাঁচ উইকেট, যা তাকে ম্যাচের নিরঙ্কুশ নায়ক বানিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফর্মেন্সের পর দেশে ফিরে বুধবার এই তরুণ অলরাউন্ডার জানালেন নিজের ক্রিকেটীয় প্রেরণার কথা।
মিরপুর একাডেমির সামনে দাঁড়িয়ে রিজান বলেন, “ক্রিকেটীয় আদর্শ বলতে…বাংলাদেশের বেশ কয়েকজনকে ভালো লাগে। বিশ্ব ক্রিকেটে বেন স্টোকসকে ভালো লাগে।” ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারের মতো হতে চান বলেও জানান তিনি। রিজানের ভাষায়, “স্টোকস চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেন। আমার সঙ্গে কখনও দেখা হলে জানতে চাইব কীভাবে এত চাপ সামলান?”
অন্যদিকে যুব দলের আরেক প্রতিশ্রুতিশীল স্পিনিং অলরাউন্ডার দেবাশীষ সরকার দেবা নিজের অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তিনি বলেন, “বিশ্বের সেরা অলরাউন্ডার তো সাকিব ভাই। সাকিব ভাইয়ের সঙ্গে যদি দেখা করতে পারি, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। তিনি বিশ্বে রাজত্ব করেছেন তার ব্যাটিং ও বোলিং দুই স্কিল দিয়েই।”
রিজান ও দেবাশীষের এই স্বপ্ন তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশনা হিসেবেই কাজ করতে পারে। একজন চাইছেন স্টোকসের মতো ম্যাচ জেতানো অলরাউন্ডার হতে, আরেকজন লক্ষ্য রেখেছেন সাকিবের মতো ব্যাট-বলের সমান দাপটে আন্তর্জাতিক মঞ্চ কাঁপানোর।
যুব দলের এই দুই অলরাউন্ডারের পারফরম্যান্স শুধু আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিতেই নয়, ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াইয়েও বড় ভূমিকা রাখবে বলে মনে করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















