রিয়াদ ডার্বিতে ৩-০ তে হারলো রোনালদোর আল-নাসর

উড়ছিল রোনালদো, উড়ছিল আল নাসর। কিন্তু রিয়াদ ডার্বিতে ভূপাতিত রোনালদোর আল নাসর। শুক্রবার রাতে আল হিলালের কাছে উড়ে গেছে তারা। ৩-০ গোলে হেরেছে রোনালদোরা।

শুক্রবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দলকে জয় এনে দিতে রোনালদো সব ধরণের চেষ্টা করেছেন। তার করা একটা গোল অফসাইডের অজুহাতে বাতিল হয়েছে। আর একবার তাকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে আল হিলাল সব নাটকীয় কাণ্ড ঘটিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে।

নিজেদের মাঠের খেলায় শুরুতে আল নাসরের বিপক্ষে বেশ অসহায় বোধ করছিল আল হিলাল। একের পর এক আক্রমণ করেও তারা তাকে গোলে রূপ দিতে পারছিল না। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে অবশেষে গোলের দেখা পায় আল হিলাল। সের্জেই মিলিনকোভিচ সাভিক ৬৪ মিনিটে প্রথম গোল করেন। আল হিলাল দ্বিতীয় ও তৃতীয় গোল পেয়েছে ৮৯ ও ৯২ মিনিটে। দুটো গোলই করেন আলেকসান্দার মিত্রভিচ। এ সময়ে একটা লাল কার্ডও পেয়েছে তারা।

এই হারের ফলে আল নাসরের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকটা শেষ হয়ে গেছে বলাই যায়। যদিও অনেক পথ এখনো বাকি, অনেক উত্থান পতন হবে, তবে আল হিলালের সঙ্গে ব্যবধান বেড়ে গেছে তাদের। এ ম্যাচের আগে দুই দলের পার্থক্য ছিল চার পয়েন্ট। ম্যাচ জয়ে সেই ব্যবধান এক পয়েন্টে আনার সুযোগ ছিল আল নাসরের সামনে। কিন্তু সুযোগ নষ্ট হওয়ায় এখন দুই দলের ব্যবধান সাত পয়েন্ট। ১৫ ম্যাচ শেষে আল হিলালের পয়েন্ট ৪১। আর আল নাসর ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। 

Exit mobile version