তুলনামুলক দুর্বল দল লাস পালমাসের বিপক্ষে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে বার্সেলোনার। ১-০ গোলে ম্যাচ জিতে অবশ্য রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়েছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে রিয়াল এগিয়ে আছে পাঁচ পয়েন্টে। আজ নিজেদের ম্যাচ জিতলেই আবারো আট পয়েন্টে এগিয়ে যাবে লস ব্লাংকোরা।
ঘরের মাঠে পালমাসের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলেছে বার্সেলোনা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে প্রতিপক্ষকে। এর মাঝেই ২৪ মিনিটে দশ জনের দলে পরিণত হয় পালমাস। গোলরক্ষক আলভারো ভয়েস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে একজন ফরোয়ার্ড তুলে আরেকজন গোলরক্ষক নামায় পালমাস।
প্রথমার্ধে ভাগ্য সহায় না থাকায় গোল পায়নি বার্সেলোনা। অবশেষে ৫৯ মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তাঁরা। জোয়াও ক্যানসেলোর হেডে বল জালে পাঠান রাফিনিয়া। পরবর্তীতে অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে পালমাস। তবে শেষ পর্যন্ত রাফিনিয়ার করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
