দীর্ঘদিনের সফল অধ্যায় শেষে কার্লো আনচেলত্তির বিদায়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। খেলোয়াড় হিসেবে যিনি রিয়ালকে গৌরব এনে দিয়েছেন, এখন কোচ হিসেবে শুরু করছেন নতুন যাত্রা। তার অধীনে প্রথম মিশন ক্লাব বিশ্বকাপ, যেখানে আজ প্রথম ম্যাচেই সৌদি ক্লাব আল হিলালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
তবে ম্যাচের আগে দলকে ঘিরে ছড়িয়ে পড়েছে বেশ কিছু দুশ্চিন্তা। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপে জ্বরে আক্রান্ত হয়ে অনুশীলনে অংশ নিতে পারেননি। ফরাসি ফরোয়ার্ডের শারীরিক অবস্থা ভালো না থাকায় ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত। কোচ আলোনসো জানিয়েছেন, “সকালে তাকে দেখে ম্যাচে খেলার সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৩ গোল করা এমবাপে ছিলেন ইউরোপীয় গোল্ডেন শ্যু জয়ী। কিন্তু দলগত সাফল্য ছিল না বললেই চলে। লা লিগায় দ্বিতীয়, চ্যাম্পিয়ন্স লিগ থেকে কোয়ার্টার ফাইনালে বিদায় এবং বার্সার কাছে হেরে কোপা ও সুপার কাপ হাতছাড়া করে তারা।
এমবাপের অনুপস্থিতির পাশাপাশি রিয়ালের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পুরোপুরি ফিট নন। রুডিগার, কারভাহাল, মিলিতাও ও কামাভিঙ্গা ইনজুরি কাটিয়ে ফিরছেন। আলোনসো জানালেন, “রুডিগার ও কামাভিঙ্গা ভালো অগ্রগতি করেছে, তবে কারভাহাল ও মিলিতাওর জন্য সময় লাগবে।”
এই পরিস্থিতিতে নতুন দলে জায়গা পাওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও তরুণ ডিফেন্ডার ডিন হুইসেনকে দেখা যেতে পারে আলোনসোর পরিকল্পনায়। ইনজুরির ছায়া ও প্রথম ম্যাচের চাপ—এই দুইয়ের মাঝে আজ মাঠে নামছে নতুন রিয়াল মাদ্রিদ। যাত্রা শুরুটা কীভাবে হয়, সেটাই দেখার বিষয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















