রোনালদোর সামনে আবারও মেসি মেসি চিৎকার

রিয়াদ ডার্বির স্মৃতিটা সুখকর হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে অনুষ্ঠিত আল হিলালের বিপক্ষে তার দল আল নাসর বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে। হারের এই জ্বালা তো রয়েছেই তার সঙ্গে যোগ হয়েছিল সমর্থকদের বিদ্রুপ। রোনালদো যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন তখন চারদিক থেকে তার কানে তীরের মতো একটা শব্দ এসে আঘাত করছিল। সেই শব্দটা ছিল ‌’মেসি’, ‘মেসি’।

পাঁচবার ব্যালন ডি অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান বয়স ৩৮। তারপর সৌদি আরবের ফুটবলের অন্যতম আকর্ষণ এই পর্তুগীজ তারকা। শুক্রবার রাতে ম্যাচের জন্য রোনালদো মাঠে ওয়ার্ম আপ করছিলেন তখন কয়েক হাজার সমর্থক তাকে উজ্জ্বীবিত করার জন্য বিভিন্নভাবে চিৎকার করছিল। এ সব সমর্থকদের বেশির ভাগেরই গায়ে ছিল রোনালদোর ৭ নম্বর জার্সি।

আল হিলাল বর্তমানে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। এ ম্যাচের আগে আল নাসর থেকে তারা ৪ পয়েন্ট এগিয়ে ছিল। ফলে আল নাসরের সামনে ব্যবধান কমিয়ে এক পয়েন্ট কমিয়ে আনার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় ছিল আল নাসর। সে জন্য সমর্থকরা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে তাকিয়ে ছিল। রোনালদো পারবেন এমন বিশ্বাস তিনি সমর্থকদের মনে ভালোমতোই গেঁথে দিয়েছিলেন।

রোনালদো আগের ১৪ ম্যাচে করেছেন ১৫ গোল। এই পরিসংখ্যানই রোনালদোকে নিয়ে আল নাসর সমর্থকদের আশাবাদী করে তুলেছিল। কিন্তু এই ম্যাচে রোনালদো কিছুই করতে পারেননি। যদিও দলকে হারের হাত থেকে রক্ষা করতে চেষ্টার ত্রুটি ছিল না রোনালদোর। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। একবার আল হিলালের জালে বল জড়িয়েও দিয়েছিলেন। কিন্তু অফ সাইডের কারণে তার গোল বাতিল হয়। আর একবার তার পেনাল্টির দাবি এড়িয়ে যান রেফারি।

রোনালদোর আরো একটা দাবি এড়িয়ে যান রেফারি। আল হিলালের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিতরোভিচ। রোনালদোর দাবি আল হিলাল  এ গোলের জন্য যখন আক্রমণ শুরু করে তখন তাকে ফাউল করা হয়েছিল। রেফারি তার এ দাবিও নাকচ করে দেন।

Exit mobile version