লা লিগা শুরু, মায়োর্কার বিপক্ষে শিরোপা রক্ষার মিশনে বার্সা

স্পেনের লা লিগার নতুন মৌসুমে আজ রাতেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে তাদের শিরোপা রক্ষার অভিযান। গত মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জিতে ঘরোয়া ট্রেবল জিতেছিল কাতালানরা, যদিও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্ন শেষ হয়।

গ্রীষ্মকালীন দলবদলে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিবেশী এসপানিওল থেকে ২ কোটি ৫০ লাখ ইউরোয় গোলকিপার হোয়ান গার্সিয়া ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের ধারে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে দলে নিয়েছে বার্সা। ১৯ বছরের উইঙ্গার রুনি বার্দগজিকে আনা হয়েছে মাত্র ২০ লাখ ইউরোয়, যিনি প্রাক-মৌসুমেই ফ্লিককে মুগ্ধ করেছেন।

তবে পরিকল্পনায় থাকা নিকো উইলিয়ামস ও লুইস দিয়াজকে নিতে পারেনি বার্সেলোনা। আর্থিক সীমাবদ্ধতা ও লা লিগার বেতনসীমার নিয়মের কারণে এ দুই চুক্তিই ভেস্তে যায়।

সমর্থকদের জন্য বড় খবর, লামিনে ইয়ামাল এবার মেসির রেখে যাওয়া বিখ্যাত ১০ নম্বর জার্সি পরবেন। প্রাক-মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি, চার ম্যাচে করেছেন ৪ গোল। গাভিও পুরো ফিট হয়ে ফিরেছেন, যা মিডফিল্ডে ফ্লিকের জন্য ‘মধুর সমস্যা’ তৈরি করেছে।

তবে চিন্তার জায়গা রক্ষণভাগ। গত মৌসুমের শেষ দিকে অনেক গোল হজম করেছে দল, চ্যাম্পিয়নস লিগ সেমিতে ইন্টার তাদের বিপক্ষে দুই লেগে ৭ গোল দেয়। ইনিজো মার্তিনেজের বিদায় সেই দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

লেভানডফস্কির বয়স ও চুক্তির মেয়াদ বিবেচনায় তাকে হয়তো পুরো মৌসুমে প্রথম একাদশে দেখা যাবে না, ফেরান তোরেস ও রাশফোর্ডও কেন্দ্রীয় আক্রমণে দায়িত্ব নিতে পারেন।

ক্যাম্প ন্যুর সংস্কার কাজ শেষ হলে সেপ্টেম্বরের মাঝামাঝি দল চেনা মাঠে ফিরতে পারে। সব মিলিয়ে ফ্লিকের মনোভাব ইতিবাচক—“গ্রীষ্মে চিহ্নিত দুর্বলতা কাটিয়ে দল প্রস্তুত, লক্ষ্য লা লিগা ধরে রাখা ও ইউরোপের শীর্ষে ফেরা।”

Exit mobile version