উত্তেজনাকর এক ম্যাচে শেষ বলে ৫ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড নারী দল। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে অবশেষে সম্মান বাঁচালো স্বাগতিকরা। তবে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।

ইংল্যান্ডের হয়ে ৩০০তম ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠলেন ড্যানি ওয়ায়াট-হজ। তার ৫৬ রানের ইনিংস এবং সোফিয়া ডাঙ্কলির (৪৬) সঙ্গে ১০১ রানের উদ্বোধনী জুটি গড়ে দেয় জয়ের ভিত। শেষ ওভারে দুই উইকেট হারিয়ে ম্যাচ যখন ফসকে যাওয়ার পথে, তখন স্নায়ু শক্ত রেখে দলকে জয় এনে দেন সোফি এক্লেস্টোন।
এর আগে ব্যাট হাতে শেফালী ভার্মা খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র ৪১ বলে ৭৫ রান করে ভারতকে চরম বিপর্যয় (১৯/২) থেকে টেনে তুলেন তিনি। যদিও বাকিদের ব্যর্থতায় ভারত থামে ১৬৭/৭ রানে। দলের বাকি কোনো ব্যাটারই ২৫ রানের গণ্ডি পেরোতে পারেননি।
ইংল্যান্ডের বোলিং ইউনিটের পারফরম্যান্স ছিল অনেক বেশি গোছানো। চার্লি ডিন নেন ৩ উইকেট, এক্লেস্টোন নেন ২টি। ভালো শুরু পেলেও ভারতীয় ব্যাটারদের নিয়মিত উইকেট তুলে নিয়ে তাদের আটকায় তারা।
লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত করে ইংল্যান্ড। পাওয়ারপ্লে শেষে স্কোর ছিল ৫৭/০। কিন্তু স্পিনাররা ম্যাচে ফেরান ভারতকে। রাধা যাদব ও দীপ্তি শর্মা ফিরিয়ে দেন দুই ওপেনারকে।
ম্যাচ জমে ওঠে শেষ ওভারে। জয়ের জন্য দরকার ৬ রান, বল হাতে অরুন্ধতী রেড্ডি। প্রথম তিন বলে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ ভারতের দিকে নিয়ে আসেন তিনি। কিন্তু শেষ তিন বলে এক্লেস্টোন ও স্কলফিল্ড মিলে নেন ৫ রান। শেষ বলে ১ রান দরকার ছিল। ক্রিজে থাকা এক্লেস্টোন লং-অনের দিকে বল ঠুকে দিয়ে রান নেয়ার জন্য দৌড়ায়। স্মৃতি মানদানার কাছে বল গেলেও ডিরেক্ট হিট করতে ব্যার্থ হন তিনি। তার মিস হওয়া থ্রোর সুযোগে জয়সুচক রানটা তুলে নেয় ইংল্যান্ড। স্মৃতি মানদানা ডিরেক্ট হিট করতে পারলে খেলা সুপার ওভারে গড়াতো।
তবে সিরিজ জিতে আত্মবিশ্বাসের সঞ্চার করল ভারত, বিশ্বকাপ ব্যর্থতার পর এটি এক বড় বার্তা।
স্কোর সংক্ষেপ
ভারত নারী: ১৬৭/৭ (শেফালী ৭৫, ডিন ৩-২৩, এক্লেস্টোন ২-২৮)
ইংল্যান্ড নারী: ১৬৮/৫ (ওয়ায়াট-হজ ৫৬, ডাঙ্কলি ৪৬, দীপ্তি ২-৩১, অরুন্ধতী ২-৪৭)
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী (শেষ বলে)
সিরিজ: ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















