পেসারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে গুটিয়ে দিয়েও শঙ্কায় ছিল বাংলাদেশ। জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারায় টাইগাররা। ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ব্যর্থ। সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়ও।
দলের এমন কোণঠাসা অবস্থা থেকেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আস্তে আস্তে এগোতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের বিপদে শান্তের সঙ্গে ৬৯ রানের দারুণ জুটি গড়েন মাহমুদউল্লাহ। এরপর মাহমুদউল্লাহ ৩৭ রানে বিদায় নেন। পরে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে শান্তর ১৬৫ রানের জুটিতে জয়।
তবে বাংলাদেশের জয়ের দিনে নিজের চেয়ে মাহমুদউল্লাহর সঙ্গে শান্তর জুটিকেই ম্যাচ জয়ের বড় কারণ হিসেবে দেখছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘একেই বলে অভিজ্ঞতা। দলের জন্য যখন গুরুত্বপূর্ণ মুহূর্ত, তখনই পার্টনারশিপটা ভালো বিল্ডআপ হয়। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। রিয়াদ ভাই যে ইনটেন্টটা দেখিয়েছে। এই পুরো ম্যাচের প্রথম কৃতিত্ব রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ এবং সবার আগে রিয়াদ ভাই। ঐ সময়ে রান করাটা… আমার জন্য, শান্তর জন্য রান রেটের কোনো চাপই ছিল না।’
শান্তর সঙ্গে নিজের ১৬৫ রানের জুটি নিয়ে মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দুজনের পার্টনারশিপ ভালো হয়েছে। তবে মূল ভূমিকা রেখেছে রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ। তখন বল নতুন ছিল, শিশিরেরও তেমন ভূমিকা ছিল না।‘
