আফ্রিকান কাপ অব নেশন্সে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে মিসর। রোববার রাতে মোজাম্বিকের বিপক্ষে নিশ্চিত হারের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মোহাম্মদ সালেহ’র দল। ১-২ গোলে পিছিয়ে থাকা ম্যাচে ইনজুরি সময়ের সপ্তম মিনিটে সালাহ পেনাল্টি থেকে গোল করে দলকে পয়েন্ট এনে দেন।
ম্যাচটা এক পর্যায়ে কঠিন হয়ে পড়লেও মিসর ম্যাচের শুরুতেই গোল করেছিল। মোস্তফা মোহামেদ দ্বিতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। এক গোলে এগিয়ে থেকে মিসর বিরতিতে যায়। বিরতির পর এক ঝড়ে মিসরকে চমকে দেয় মোজাম্বিক। মাত্র তিন মিনিটের ব্যবধানে ২-১ গোলে এগিয়ে যায় তারা। উইতি ৫৫ মিনিটে এবং ক্লেসিও ৫৮ মিনিটে গোল করেন।
খেলার শেষের দিকে এগিয়ে যায়, কিন্তু মিসর আর গোল পরিশোধ করতে পারছিলো না। অবশেষে শেষ বাঁশি বাজার আগে মোজাম্বিকের ডিফের্ডার ডোমিনগস মাকান্দজা নিজেদের বিপদ সীমানায় সালাহকে ফাউল করেন। ভিএআর দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সালাহ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি।
আফ্রিকান কাপ অব নেশন্সে এদিন অনুষ্ঠিত অন্য খেলায় নাইজেরিয়া ১-১ গোলে ইকুয়াটোরিয়াল গিনির সঙ্গে ড্র করেছে। অন্য ম্যাচে ঘানাকে চমকে দিয়েছে কেপ ভার্দে আইল্যান্ড। ২-১ গোলে ঘানাকে হারিয়েছে তারা।
