সিলেট টেস্টে প্রথম ইনিংসে দলের বিপদে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। তাঁদের ২০২ রানের অসাধারণ জুটিতে ২৮০ রানে থামে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ফের বাংলাদেশকে ভোগাচ্ছে এই জুটি।
রোববার টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসেও একশ রানের জুটি গড়েছেন ধানাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনের জুটিতে তরতরিয়ে বাড়ছে শ্রীলঙ্কার লিড। ইতিমধ্যে শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ৩২৫ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে ৬ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৩ রান। ধনাঞ্জয়া ১১৬ বলে ৮১ ও কামিন্দু ৬৪ বলে ৪৭ রানে অপরাজিত আছেন।
লঙ্কানদের প্রথম ইনিংসের জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ১৮৮ রানে। নিজেদের মাঠে বোলাররা দারুণ সাফল্য পেলেও ব্যাটিংয়ে ব্যর্থ স্বাগতিকরা। ফলে লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে সফরকারী দলটি।
