১৯৯০ সালের বিশ্বকাপ ফুটবলে বিশ্বকে চমকে দিয়েছিল আফ্রিকার অদম্য সিংহখ্যাত ক্যামেরুন। হারিয়েছিল আর্জেন্টিনা ও রুমানিয়ার মতো শক্তিশালী দলকে। খেলেছিল কোয়ার্টার ফাইনালে। তারপর কোথায় যেনো হারিয়ে গেল দলটি। এখনো নিজেদের খুঁজে ফিরছে তারা। এবারের আফ্রিকান নেশনস কাপেও তাদের নাজুক অবস্থা। গতকাল শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা সেনেগালের কাছে বিধ্বস্ত হয়েছে। সেনেগাল ৩-১ গোলে জয় পেয়েছে।
ইসমাইল সার ছিলেন সেনেগালের জয়ের নায়ক । গোল করেছেন এবং করিয়েছেন। ম্যাচে গোলের সূচনা করেন তিনি।
১৭ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে বল পেয়ে দলকে এগিয়ে নেন ইসমাইল সার। টুর্নামেন্টে এটা ছিল সারের প্রথম ম্যাচ। দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়ায় প্রথম ম্যাচ তিনি খেলতে পারেননি।
৭১ মিনিটে করা সেনেগালের দ্বিতীয় গোলেও অবদান ছিল সারের। তার পাস থেকে গোল করেন হাবিব দিয়ালো।
৮৩ মিনিটে জা চার্লেস ক্যাস্টেলেট্টো গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও ক্যামেরুনের শেষ রক্ষা হয়নি। সাদিও মানে ইনজুরি সময়ে গোল করে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালের নক আউট পর্বে খেলা নিশ্চিত করেন।
এদিন অনুষ্ঠিত অন্য দুই ম্যাচে গিনি ১-০ গোলে গাম্বিয়াকে এবং কেপ ভার্দে ৩-০ গোলে মোজাম্বিককে হারায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














