বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বহুল আলোচিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এদিকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আলোচিত ‘নির্বাচনী চিঠি’ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
এই অবস্থায় আজ (সোমবার) মিরপুরে জরুরি বোর্ড মিটিংয়ে বসেছেন বিসিবির বোর্ড পরিচালকরা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় ৭টায় শুরু হয়েছে বোর্ড কর্তাদের এই মিটিং। গেল সপ্তাহেও বৈঠকে বসেছিলেন বোর্ড পরিচালকরা, সপ্তাহ না ঘুরতে আরও একবার বসতে যাচ্ছেন কর্মকর্তারা।
যেখানে প্রধান আলোচ্য বিষয় থাকছে আসন্ন বিসিবির নির্বাচন নিয়ে। বিষয়টি খেলালাইভকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু। তবে বুলবুলের আলোচিত ‘নির্বাচনী চিঠি’ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট নিয়ে জানতে চাইলে তিনি বলেন,‘ মিডিয়ার কাছেই বিষয়টা শুনছি। তাই এখনই এ বিষয়ে কিছু বলতে পারছিনা।’
