হামজা চৌধুরীর পর লাল-সবুজ জার্সিতে আরও দুই প্রবাসী ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ। যার মধ্য দিয়ে ফুটবলে এশিয়ার নতুন পরাশক্তির পথে লাল-সবুজের দল! অবশ্য বেশ কয়েক বছর আগে জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবল প্রবাসী ফুটবলারদের আগমনের ধারা।
এরপর তারিক কাজী, হামজা চৌধুরীরা দেশের ফুটবলে এসেছেন। তাদের পথ ধরে এবার বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবোলার কিউবা মিচেল।
১৯ বছর বয়সী উদীয়মান তারকার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। মিচেল আগ্রহ প্রকাশ করায় তাকে বাফুফে থেকে মেইল পাঠানো হয়েছিল। রোববার ২০ এপ্রিল বিকেলে সেই মেইলের উত্তর দিয়েছেন তিনি।
মিচেল জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছেন তিনি। বাফুফেকে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছেন এই তরুণ ফুটবলার। বাফুফে এবং মিচেলের এজেন্ট আশা করছেন, আগামী মে মাসের মধ্যেই তার বাংলাদেশের হয়ে খেলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও মিচেলের মা বাংলাদেশি। তার বাবা জ্যামাইকান। ২০২২ সালে বর্তমান ক্লাবে বার্মিংহাম সিটিতে যুব ক্যারিয়ার শুরু হয় মিচেলের। এখন সান্ডারল্যান্ডের অ-২১ দলে খেলছেন তিনি।
মিচেলের আগে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সম্মতি দেন কানাডার প্রিমিয়ার লিগ ক্লাব ক্যাভালরির হয়ে খেলা সামিত সোমও। ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই মিডফিল্ডারের জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে।
কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি। এর আগে ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন। এরপর ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়েও দুটি ম্যাচ খেলেছেন তিনি।
