আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশে ফুটবল ফেডারেশন বাফুফে। সেই উপলক্ষ্যে আজ কম্পিটিশন কমিটির এক সভা করেছে ফুটবল ফেডারেশন। সেই সভায় জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও ছিলেন।
কম্পিটিশন কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। তিনি চেয়ারম্যান হলেও গণমাধ্যমে ব্রিফ করেছেন কমিটির সদস্য ও আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’
টিকিটের দাম সুনির্দিষ্ট না হলেও আসন বিন্যাস ও দাম নিয়ে তিনি বলেন, ‘গ্যালারির (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করব। এছাড়া অন্য ক্যাটাগরি থাকবে। কোন ক্যাটাগরির টিকিট কত সেটা সব বিবেচনা করেই করা হবে। সমর্থকরা যেন খেলতে দেখতে আসতে পারেন এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয়ও হয়, দুই দিকই বিবেচনা করা হবে।’
ফুটবলে আধুনিক স্টেডিয়ামে সমর্থকদের জন্য ফুড জোন, স্বাস্থ্যসম্মত টয়লেট সহ অন্যান্য সুবিধা থাকে। এ বিষয়ে তিনি বলেন,‘আজকের দিন পর্যন্ত যা আছে ঠিক আছে। আমরা সপ্তাহে সপ্তাহে সভায় বসব এবং পর্যবেক্ষণ করব। সমর্থকদের জন্য আমরা ভালো পরিবেশ দেয়ার সর্বাত্মক চেষ্টা করব। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। ৫ জুন সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। প্রতিপক্ষ ঠিক না হলেও খেলাটি জাতীয় স্টেডিয়ামেই হবে সেটা নিশ্চিত। সেই ম্যাচের টিকিট অনলাইনের বিক্রির বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
