শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে দারুণ বোলিং করেছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তবে দিন শেষে বাংলাদেশের বিপদ কাটেনি।
নিজেদের প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ১০২ রান তুলেছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ৪৫৫ রানে।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫৩১ রানের জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ৩৫৩ রানে এগিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে সফরকারীরা। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়লেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি। ৬ উইকেটে ১০২ তুলেছে তারা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫০ বলে ৩৯ ও প্রাবাথ জায়াসুরিয়া ১৭ বলে ৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। বল হাতে হাসান মাহমুদ ১১ ওভারে ৫১ রানে শিকার করে ৪ উইকেট। এছাড়া খালিদ নেন দুটি উইকেট।
এদিন সকালে আগের দিন করা এক উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। অবশ্য দিনের শুরুটা ভালোই ছিল। জাকির ২৮ ও তাইজুল শূন্য রান নিয়ে পৌছছে যায় দলীয় ৯৬ রানে। কিন্তু এরপরই লঙ্কানদের ১০ মিনিটের ঝড়ে ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। হাফসেঞ্চুরির পর জাকির বিদায় নেন ৫৪ রানে।
এরপর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নেমে ১ রানেই আউট। দলীয় ১০৩ রানের মাথায় তাইজুল ইসলাম ২২ রান করে বিদায় নেন। এরপর দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি লিটন-সাকিবরা। মুমিনুল হকের ৩৩ রান ছাড়া সবাই ব্যর্থ। টেস্টেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন লিটন দাস। সাকিব ১৫, লিটন ৪,শাদাত হোসেন ৮,মেহেদী হাসান মিরাজ ৭ ও খালিদ বিদায় নেন ১ রানে।
এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রানে থামে সফরকারী শ্রীলঙ্কা।
