২০১৭ সালের পর প্রথম বার টেস্ট দলে ফিরলেন ডওসন

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের জন্য দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড। আঙুলের চোটে ছিটকে যাওয়া ডানহাতি স্পিনার শোয়েব বশিরের জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডওসন। দীর্ঘ আট বছর পর সাদা পোশাকের দলে ফিরলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

২০১৭ সালে নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ডওসন। এরপর জাতীয় দলের বাইরে থাকলেও কাউন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। হ্যাম্পশায়ারের হয়ে গত দুই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টানা দুইবার পিসিএ বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৪০.০৪ গড়ে ২১ উইকেট নিয়েছেন। পাশাপাশি ভাইটালিটি ব্লাস্টে ১০ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

৩৫ বছর বয়সী ডওসনের টেস্ট অভিষেক হয়েছিল ২০১৬ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে। তিন টেস্টে সাত উইকেট ও ৮৪ রান করার পাশাপাশি ইংল্যান্ডের হয়ে ছয়টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। সর্বশেষ জুন মাসে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

লর্ডসে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ক্যাচ নিতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পান শোয়েব বশির। শেষ ইনিংসে অল্প সময় বল করলেও শেষ উইকেটে ব্যাট করতে নামা মোহাম্মদ সিরাজকে বোল্ড করে ইংল্যান্ডকে ২২ রানের জয় এনে দেন এই স্পিনার। তবে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় সিরিজের বাকি দুই টেস্টে আর মাঠে নামতে পারছেন না তিনি।

২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ড চাইবে এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ভারতের।

Exit mobile version