২৮ বছর পর ইউরোর সেমিফাইনালে ইতালি

২৮ বছর পর নারী ইউরোতে সেমিফাইনালে উঠেছে ইতালি। বুধবার (১৬ জুলাই) জেনেভায় নাটকীয় এক ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইতালিয়ানরা। ম্যাচের নায়ক অধিনায়ক ক্রিস্তিয়ানা জিরেল্লি, যিনি জোড়া গোল করে দলকে জেতান।

প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেও গোল করতে পারেনি ইতালি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটে সোফিয়া কান্তোরের পাস থেকে প্রথম গোল করেন জিরেল্লি। এরপর নরওয়ের অধিনায়ক আডা হেগেরবার্গ পেনাল্টি মিস করেন। তবে ৬৬ মিনিটে একই খেলোয়াড় মেরেনা মিয়েল্দের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) আবারও কান্তোরের দুর্দান্ত ক্রসে হেডে জয়সূচক গোল করেন জিরেল্লি। এই জয়ের ফলে ১৯৯৭ সালের পর প্রথমবার ইউরো সেমিফাইনালে উঠল ইতালি। আগামী ২২ জুলাই সুইডেন কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলবে তারা।

ম্যাচ শেষে জিরেল্লি বলেন, “এটা স্বপ্নপূরণ। আমি আমার সতীর্থদের চোখে বিশেষ একটা আগুন দেখেছি। আমরা শেষ মিনিট পর্যন্ত লড়েছি এবং বিশ্বাস রেখেছি।”

প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোল পাননি ইতালিয়ানরা। বিরতির পর গোল পায় তারা। যদিও পরে নরওয়ের পক্ষে হেগেরবার্গ সমতা ফেরান। কিন্তু শেষ মুহূর্তে আবারও নায়িকা হয়ে ওঠেন জিরেল্লি। ইউরো ২০২৫-এ নিজেদের চারটি ম্যাচেই প্রথম গোল করেছে ইতালি।

নরওয়ের টানা দ্বিতীয় পেনাল্টি মিস করে আলোচনায় উঠে আসেন হেগেরবার্গ। টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন তিনি। তবে পরে গোল করে আংশিকভাবে ভুল শোধ করেন। তবুও নরওয়ে সমর্থকদের হতাশাই সঙ্গী হলো। শেষ ছয়টি বড় টুর্নামেন্টের নকআউটে পাঁচবারই ছিটকে গেল নরওয়ে।

ম্যাচের সেরা ছিলেন অধিনায়ক জিরেল্লি। দুটি গোলের পাশাপাশি বক্সে বারবার বিপদ তৈরি করেছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। চলতি ইউরোতে তার গোলসংখ্যা দাঁড়াল তিনে। ৩৫ বছর বয়সী জিরেল্লি ইউরোর ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বয়সী নকআউট গোলস্কোরার।

Exit mobile version