দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন

সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন, ছবি : খেলা.লাইভ সম্পাদিত

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতা এতোদিন প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি ছিল। কিন্তু এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হবে যেখানে ২৩ বাংলদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। সবমিলিয়ে ৭১০ জন ক্রিকেটার এই নিলামের জন্য নিবন্ধন করেছেন। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজুর রহমানের মূল্য ধরা হয়েছে এক লাখ পাউন্ড।

স্বল্প পরিসরের ক্রিকেটে বিশ্বব্যাপী বহুল আকাঙ্ক্ষিত একটি নাম মোস্তাফিজুর রহমান। বিশেষ করে টি-২০ ফরম্যাটের বেশ জনপ্রিয় তিনি। সে কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ কদর রয়েছে তার। বাঁহাতি এই পেসারকে তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল). আবুধাবি টি-টেন লিগ ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যায়। এবার অবশ্য আইপিএল খেলতে পারেননি মোস্তাফিজ। তা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক শীতল হয়েছে।

দ্য হান্ড্রেড নিলাম ১১ ও ১২ মার্চ, ছবি : সংগৃহীত

দ্য হান্ড্রেডেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আছে। এজন্য বাংলাদেশ ও পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘শ্যাডো ব্যান’ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডে যুক্ত আছে। মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস বিভিন্ন দলের আংশিক মালিক বা পূর্ণ মালিক।

আজ পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেড আসরে খেলেননি। এই টুর্নামেন্টের প্রথম পাঁচ মৌসুমে মাত্র ৯জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন। আন্তর্জাতিক সূচি এবং শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কয়েকটি ঘটনা রয়েছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের কোনো সক্রিয় ক্রিকেটার আইপিএলে খেলেননি। আইপিএল মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোর বৈশ্বিক বিস্তারের পরও বিদেশি দলগুলোর হয়ে পাকিস্তানের খুব অল্প কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছেন।

দ্য হান্ড্রেড নিলামে সর্বোাচ মূল্য মোস্তাফিজের, ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী মাসের নিলামে আইপিএল মালিকানাধীন কোনো হান্ড্রেড দলই পাকিস্তানি খেলোয়াড়দের জন্য বিড করবে না। দ্য হান্ড্রেডের নিলামে এবার নাম দিয়েছেন পাকিস্তানের অন্তত ৬৩ ক্রিকেটার। দ্য হান্ড্রেড নিলাম লন্ডনের পিকাডিলি লাইটসে আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে।

দ্য হান্ড্রেড নিলামে বাংলাদেশি ক্রিকেটার

মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাইম শেখ, সাব্বির রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার।

Exit mobile version