৩০ পেরিয়ে রোনালদোর ৫০০ রেকর্ড। কদিন আগেই ৪১তম জন্মবার্ষিকী উদ্যাপন করেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ৪১ পেরিয়েও রোনালদো আছেন আগের মতোই। ম্যাচের পর ম্যাচে গোল করেই চলেছেন। সৌদি প্রো লিগে আল নাসরকে শীর্ষে তোলার পথে গত রোববার রাতেও জোড়া গোল করেন রোনালদো।
হাজারের ঠিকানায় পৌঁছানোর পথে ছুঁটে চলেলেন তিনি। সেই পথচলায় এবার আরেকটি অবিস্মরণীয় মাইফলক অর্জন ধরা দিল ক্রিস্তিয়ানো রোনালদোর। আল নাস্রের বড় জয়ের ম্যাচে দারুণ অর্জনে নিজেকে রাঙালেন পর্তুগিজ তারকা।
সৌদি প্রো লিগে আল হাজেমকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল নাস্র। একই দিনে আল ইত্তিহাদের সঙ্গে আল হিলালের ড্রয়ে রোনালদোরা আবার ফিরে পেয়েছেন পয়েন্ট তালিকায় শীর্ষস্থান। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন রোনালদো। এর প্রথমটিই ছিল মাইলফলক গোল।
বয়স ৩০ হওয়ার পর তার ৫০০তম গোল এটি। ম্যাচের শুরুর দিকেই ফাঁকায় থাকা রোনালদোর বাঁ পায়ের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন আল হাজেম গোল কিপার। ত্রয়োদশ মিনিটে কিংসলে কোমানের পাস থেকে ডান পায়ে বল ধরে বাঁ পায়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান আল নাস্র অধিনায়ক।
খেলার শুরুতে অফসাইড দেওয়া হলেও ভিএআর পরীক্ষায় গোল পেয়ে যান তিনি। এরপর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান কোমান। প্রথমার্ধের শেষ দিকে আরেকবার বল জালে পাঠান রোনালদো। কিন্তু এবার অফসাইডে ছিলেন তিনি।
ম্যাচরে ৭৭তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দারুণভাবে ছুটে একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার আঞ্জেলো গাব্রিয়েল। মিনিট দুয়েক পর দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। এবারও গোলে সহায়তা করেন কোমান এবং এবারও ভিএআর পরীক্ষায় টিকে যায় গোল।
সব মিলে ৪১ বছর বয়সী এই তারকার ক্যারিয়ার গোল হলো এখন ৯৬৪টি। আর টুর্নামেন্টে ২২ ম্যাচে আল নাস্রের পয়েন্ট এখন ৫৫, আল হিলালের ৫৪।
ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি। আমি এখানেই থাকতে চাই।’
