আগামীকাল মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আজ ঘোষণা হয়েছে ৪ দলের অধিনায়ক। ফলে বিপিএল শুরুর আগের দিন চূড়ান্ত হয়েছে ৬ দলের অধিনায়ক। আগামীকাল প্রথম ম্যাচে সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স এবং দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে।
ঢাকা ক্যাপিটালসকে মোহাম্মদ মিঠুন ও রাজশাহী ওয়ারিয়র্সকে নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন তা আগেই জানা গিয়েছিল। আজ সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করেছে।
এবার বিপিএল শুরুর আগেই গ্যারান্টি মানি প্রদানে সমস্যার কারণে মালিকানা বদলে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে দলটির দায়িত্ব। বিদেশি কয়েকজন ক্রিকেটার নাম প্রত্যাহার করেছেন, এমনকি বিদেশি কোচও আসছে না। অবশেষে সেই দলটির অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে।
এর আগে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে এই প্রথম বিপিএলে অধিনায়কত্ব করবেন শেখ মেহেদি। আর সিলেট টাইটান্স অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে।
প্রথমবার নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি এবার বিপিএল আসলে অংশ নিচ্ছে। সেই দলটিরও কোচিং স্টাফরা বেঁকে বসেন বিপিএল শুরুর আগের দিন। তবে সেই ঝামেলা মিটিয়ে শেষ পর্যন্ত অধিনায়ক নির্বাচন করতে পেরেছে তারা। এবার নোয়াখালী এক্সপ্রেসকে নেতৃত্ব দেবেন টপঅর্ডার ব্যাটিং অলরাউন্ডার সৈকত আলি।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেললেও এই প্রথম বিপিএলে নেতৃত্ব পেয়েছেন সৈকত। রংপুর রাইডার্স অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের ওপর। সেই ঘোষণা তারা দিয়েছে আজ সন্ধ্যায়।
