কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মো: আমিনুল হক। শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়ায় এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।
টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল। কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও চান্দিনা উপজেলা দল। নির্ধারিত সময়ে লড়াই শেষে টাইব্রেকারে চান্দিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আদর্শ সদর উপজেলা দল। টুর্নামেন্টে কুমিল্লার বিভিন্ন উপজেলার মোট ১৯টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ আমন্ত্রিত অতিথিরা।
কুমিল্লায় আরও ক্রীড়া আয়োজনের ঘোষণা গণপূর্তমন্ত্রীর
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ পায়।
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন তথা সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। এ লক্ষ্যে কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেরা খেলোয়াড় সবুজ, টুর্নামেন্টসেরা মেহেদী
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ চান্দিনা উপজেলা দলের মেহেদী।

খেলা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা আরও জোরালো হয়েছে।



