১১ বছর পর আবারও পেশাদার ফুটবলে রোনালদিনহো

৪৬ বছর বয়সে ইতালিয়ান ক্লাবে অভিষেক

দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে আবারও পেশাদার ফুটবলে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে মাঠে নেমেছেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

রোববার (১৫ নভেম্বর) স্থানীয় প্রতিদ্বন্দ্বী ক্লাব ফোরলির বিপক্ষে ম্যাচে রাভেন্নার শুরুর একাদশে জায়গা পান রোনালদিনহো। পরনে ছিল তাঁর পরিচিত ১০ নম্বর জার্সি। ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিট খেলেন তিনি।

রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে রাভেন্নার হোম ভেন্যু স্তাদিও ব্রুনো বেনেল্লিতে ছিল উৎসবের আমেজ। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে বিশেষ উপলক্ষে আরও ১ হাজার ৮০০ আসনের অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়। গ্যালারিতে আতশবাজি ও ধোঁয়ার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা। এ সময় বাজানো হয় আন্দ্রেয়া বোচেল্লির বিখ্যাত গান ‘কোন তে পার্তিরো’।

মাঠে নেমে বেশ কিছু দৃষ্টিনন্দন পাস ও ফুটবলীয় নৈপুণ্য দেখিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। রাভেন্নার হয়ে জুলিও দোনাতির করা প্রথম গোলেও ভূমিকা ছিল তাঁর। তবে প্রত্যাবর্তনের ম্যাচে নিজে গোলের দেখা পাননি তিনি। বিরতির পর আর মাঠে ফেরেননি; তাঁর পরিবর্তে খেলতে নামেন মাত্তেও মাজ্জিও।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে রোনালদিনহো বলেন, “সময়টা খুব দ্রুত কেটে গেল। ফুটবল আমার কাছে সব সময়ই এমন। এটাই কি আমার শেষ ম্যাচ? জানি না। সভাপতি যদি আমাকে আবার ডাকেন, আমি ফিরে আসব। তাঁর আমাকে প্রয়োজন হলে আমি অবশ্যই থাকব।”

তিনি আরও বলেন, “এখানে খেলতে পারা, ড্রেসিংরুমে প্রস্তুতি নেওয়া, সবকিছুই দারুণ ছিল। ফুটবল সব সময়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়।”

গত জুনে রাভেন্নার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছিলেন রোনালদিনহো। খেলোয়াড় হিসেবে মাঠে ফেরার পাশাপাশি ক্লাবটির একজন শেয়ারহোল্ডারও হয়েছেন তিনি।

রাভেন্না বর্তমানে ইতালির তৃতীয় বিভাগের আঞ্চলিক গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে দলটি। সর্বশেষ ২০০৮ সালে ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে খেলেছিল ক্লাবটি।

এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইতালির আরেক ক্লাব এসি মিলানের হয়ে খেলেছেন রোনালদিনহো। সেখানে জিতেছেন একটি সিরি ‘আ’ শিরোপা। এ ছাড়া বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই, গ্রেমিও, ফ্লামেঙ্গো ও আতলেতিকো মিনেইরোর মতো ক্লাবেও খেলেছেন তিনি।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। বার্সেলোনার হয়ে ২০৭ ম্যাচে ৯৪ গোল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে ৩৩ গোল করেছেন এই কিংবদন্তি।

১১ বছর পর তাঁর এই প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত। তবে রাভেন্নার জার্সিতে এটিই শেষবারের মতো তাঁকে দেখা গেল, নাকি সামনে আরও ম্যাচ খেলবেন, তা এখনো নিশ্চিত নয়।

spot_imgspot_img
spot_img

Related Articles