দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। সোমবার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান ঘোষণা করা হয়।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জয় শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থা এবং ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থকের সংখ্যা বৃদ্ধি এবং খেলাটির বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণকে সামনে রেখে সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একই সঙ্গে বিশেষ সুযোগ ও দায়িত্ব। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি সময়ে প্রবেশ করছে খেলাটি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থক তৈরির বড় সুযোগ সৃষ্টি করবে। শুধু সফল আয়োজন নয়, খেলোয়াড়, দর্শক, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় ক্রিকেটের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাও জরুরি।

আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনায় নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য আরও সুযোগ তৈরি, আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষা এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনা তৈরির বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। একই বছরের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles