২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন সূচি অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে এই আসরের।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় টুর্নামেন্টগুলোর সময়সূচি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত সূচিতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে টুর্নামেন্টটি। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো নির্ধারণ করেনি আইসিসি।
এদিকে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পরপর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে ইংল্যান্ড। অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা আরও সহজ করবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ তৈরি, উচ্চমানের ক্রিকেট আয়োজন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে শৃঙ্খলা আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


