আগামী বছর ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দু’টি ম্যাচ যুক্তরাষ্ট্র অথবা কানাডায় অনুষ্ঠিত হতে পারে। উত্তর আমেরিকায় ক্রিকেটের বাজার সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস এবং কানাডার টরন্টো।
২০২৭-৩১ সালের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করার কাজ চলছে। সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আইসিসির ত্রৈমাসিক সভায় পূর্ণ সদস্য দেশগুলো নিজেদের ভবিষ্যৎ সফরসূচি নিয়ে আলোচনা করেছে।
নতুন এফটিপি চক্রের শুরুতেই আগামী জুলাইয়ে ভারতকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পাঁচটি টি-টোয়েন্টির দুটি উত্তর আমেরিকায় আয়োজনের পরিকল্পনা করছে ক্যারিবীয় বোর্ড। দুটি ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সম্ভাব্য ভেন্যুর তালিকায় এগিয়ে রয়েছে ওয়াশিংটন ডিসি ও টরন্টো। তবে লস অ্যাঞ্জেলেসের পোমোনা এবং ফ্লোরিডার লডারহিলও বিবেচনায় রয়েছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য পোমোনাকে প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে গত এক দশকে লডারহিলের ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ।
উত্তর আমেরিকায় ক্রিকেটের অবস্থান শক্তিশালী করতে কানাডার সঙ্গেও সম্পর্ক বাড়াচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। জিটি২০ কানাডা টুর্নামেন্টের মাধ্যমে দুই বোর্ডের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সম্প্রতি টুর্নামেন্টটির পুরো আসর সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ওয়াশিংটন ফ্রিডমও ক্রিকেট অবকাঠামো উন্নয়নে কাজ করছে। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে ফ্রেডেরিকে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে তারা। ২০২৭ সালের এমএলসি মৌসুম থেকেই সেখানে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ার বিষয়েও আলোচনা চলছে।
ভবিষ্যতে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কলিসিয়াম এবং কানাডার ভ্যাঙ্কুভারেও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের চেয়ারম্যান কিশোর শ্যালো বিষয়টি নিয়ে বলেন, ‘উত্তর আমেরিকায় নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করা আমাদের কৌশলেরই অংশ। এটি আমাদের জন্য এবং ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্রিকেটের উন্নয়নে আইসিসি গত কয়েক বছরে বিনিয়োগ করেছে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, সামনে অলিম্পিকেও ক্রিকেট রয়েছে। উত্তর আমেরিকায় ক্রিকেটের বাজার সম্প্রসারণে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অঞ্চলে ক্যারিবীয় ও ভারতীয় বংশোদ্ভূত মানুষের বড় একটি জনগোষ্ঠী রয়েছে।’
তবে আপাতত উত্তর আমেরিকায় কোনো টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেই ওয়েস্ট ইন্ডিজের। প্রাথমিকভাবে সাদা বলের ক্রিকেট, বিশেষ করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে বোর্ড।
এদিকে ২০২৭-৩১ সালের নতুন এফটিপিতে ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে পারে ২০২৮ সালে ইংল্যান্ড সফর। ওই সফরে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডসে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট খেলার শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষভাবে আয়োজন করা হবে ম্যাচটি।
১৯২৮ সালের জুনে লর্ডসে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৫৮ রানে হেরেছিল ক্যারিবীয়রা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং বলেন, ‘এটি হবে একটি স্মরণীয় আয়োজন। আমরা আশা করি, ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি ১৯২৮ সালের দলের খেলোয়াড়দের উত্তরসূরিরাও সেখানে উপস্থিত থাকবেন।’
নতুন এফটিপিতে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বড় ক্রিকেট শক্তিগুলোর বিপক্ষেও খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ক্যারিবীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজে দর্শক উপস্থিতি কম থাকায় ভবিষ্যতে দুই দলের টেস্ট লড়াই নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। ডেহরিং বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেট খেলতে এবং ক্যারিবীয় অঞ্চলে টেস্ট সিরিজ আয়োজন করতে চাই। এ বছর টেস্ট সিরিজে আমরা অপরাজিত ছিলাম। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এই সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই। পাশাপাশি বাণিজ্যিক দিকটিও বিবেচনায় রাখতে হবে।’
সব মিলিয়ে ভারতকে নিয়ে উত্তর আমেরিকায় টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সম্প্রসারণের বড় পদক্ষেপ হতে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বিপুলসংখ্যক ভারতীয় ও ক্যারিবীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আন্তর্জাতিক ক্রিকেট পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।


