লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক কি কখনো শেষ হওয়ার? খেলোয়াড় হিসেবে জাতীয় দলের অধ্যায় একসময় শেষ হলেও আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে তাঁর বন্ধন যে অটুট থাকবে, সেটিই যেন আবারও বুঝিয়ে দিলেন কোচ লিওনেল স্কালোনি।
মেসিকে ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফে দেখার সম্ভাবনা উড়িয়ে দেননি স্কালোনি। বরং মেসি যদি কখনো কোচিং পেশায় আসতে চান, তাঁর জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। বিশেষ করে আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের দায়িত্ব ছাড়ার বিষয়টি সামনে আসতেই মেসিকে নিয়ে প্রশ্ন ওঠে। সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার ইউরোপের ফুটবলে প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন। ফলে স্কালোনির কোচিং স্টাফে একটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হচ্ছে। সেই জায়গায় মেসিকে দেখা যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে হাসিমুখে নিজের ভাবনার কথা জানান আর্জেন্টাইন কোচ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি যদি কখনো কোচ হওয়ার আগ্রহ দেখান, তাহলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত স্কালোনি। অবশ্য এটি মেসিকে কোচিং স্টাফে নেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। বরং আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি কোচের শ্রদ্ধা ও ভালোবাসারই প্রকাশ।

স্কালোনি ও মেসির সম্পর্ক শুধু কোচ-অধিনায়কের নয়, সাফল্যেরও এক অনন্য গল্প। তাঁদের নেতৃত্বাধীন আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস তৈরি করেছিলেন তাঁরা। সেই সাফল্যের অন্যতম প্রধান নায়ক ছিলেন মেসি। তাই জাতীয় দলের জার্সিতে তাঁর খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও আর্জেন্টিনার ফুটবলে তাঁর প্রভাব যে সহজে শেষ হওয়ার নয়, সেটি স্পষ্ট।
তবে স্কালোনির বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মেসির খেলোয়াড়ি ভবিষ্যৎ নিয়ে করা মন্তব্য। আর্জেন্টাইন কোচের ধারণা, মেসি ২০৩০ সাল পেরিয়েও ক্লাব ফুটবলে খেলতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা এই তারকার বয়স তখন হবে ৪৩ বছর। অর্থাৎ জাতীয় দলের হয়ে আর না খেললেও ক্লাব পর্যায়ে আরও কয়েক বছর ফুটবল চালিয়ে যাওয়ার সামর্থ্য মেসির রয়েছে বলে মনে করেন স্কালোনি।
মেসির শারীরিক সক্ষমতা, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রতিযোগিতামূলক মানসিকতার প্রতি মুগ্ধতা থেকেই এমন ধারণা দিয়েছেন আর্জেন্টিনার কোচ। তাঁর মতে, যত দিন মেসি মাঠে ফুটবল উপভোগ করবেন, তত দিন তাঁকে খেলোয়াড় হিসেবেই দেখতে চাইবেন সমর্থকেরা।


