আইসিসির নিয়ম ভাঙায় জরিমানার মুখে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে জয় দিয়ে সিরিজ শেষ করলেও মাঠের বাইরের শাস্তি এড়াতে পারেনি ভারত। স্লো ওভার রেটের কারণে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে পারেনি ভারতীয় দল। সময়ের ছাড় হিসাব করার পরও নির্ধারিত সময়ের চেয়ে ৭ ওভার পিছিয়ে ছিল তারা।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সর্বোচ্চ জরিমানার সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ। সেই নিয়ম অনুযায়ী, ৭ ওভার পিছিয়ে থাকায় ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ভারতের ওপর এই জরিমানা আরোপ করেন। দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তবে শাস্তির মধ্যেও সিরিজের শেষ ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২০৯ রান সংগ্রহ করে তারা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ইশান কিষান ও অক্ষর প্যাটেলের ৪৬ রানের দুটি ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় দলটি।

জবাবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউ জিল্যান্ডের ইনিংস থামে ১৮৭ রানে। ফলে ২২ রানের জয় নিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর নিউ জিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় ভারত।

spot_imgspot_img
spot_img

Related Articles