‘ম্যাচ বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য’-হাসান

জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিন শেষে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়েছে টাইগাররা। ফলে পঞ্চম ও শেষ দিনে হার এড়ানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। পেসার হাসান মাহমুদও মনে করছেন, ম্যাচ বাঁচানো ছাড়া এই মুহূর্তে অন্য কোনো পথ খোলা নেই। তবে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাস খুঁজছেন তিনি।

চতুর্থ দিনের শুরুতে জয়ের সম্ভাবনা থাকলেও দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডারকে দ্রুত থামাতে না পারায় বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। এরপর মেঘলা আবহাওয়ায় রাবাদা ও ইয়ানসেনের বোলিং সামলাতে ব্যর্থ হয়ে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ।

দিন শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া হাসান। তার মতে, দক্ষিণ আফ্রিকার টেইলএন্ডারদের বিপক্ষে চাপ ধরে রাখতে না পারাই বড় ক্ষতি করেছে।

হাসান বলেন, “ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান লিক হয়েছে। আমরা ডিসিপ্লিন মেনে বোলিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। ওদের ওপর চাপ তৈরি করতে পারিনি। এরপর ওরা ভালো স্কোর গড়ে ফেলে।

মিস হওয়া ক্যাচ নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তবে ফিল্ডারদের চেষ্টায় ঘাটতি দেখছেন না এই পেসার।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পেছনে কন্ডিশনের পরিবর্তনকেও দায়ী করেছেন হাসান। তার মতে, মেঘলা আবহাওয়ায় নতুন বলে রাবাদা ও ইয়ানসেন বাড়তি সুবিধা পেয়েছেন।

শেষ দিনে দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী হাসান। প্রথম ইনিংসে ২০-৩০ রানে ৩ উইকেট হারিয়েও ৪০০ রান করার উদাহরণ টেনে তিনি বলেন, “এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই। ব্যক্তিগতভাবে আমি মন থেকে বিশ্বাস করি আমরা পারব। কাল যদি দুই-তিনটা ভালো পার্টনারশিপ গড়তে পারি, তাহলে অবশ্যই নিজেদের সেভ করতে পারব।

উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো বলে মনে করেন হাসান। তাই শেষ দিনে ধৈর্য ধরে ব্যাটিং করতে পারলে জোহানেসবার্গ টেস্টে হার এড়িয়ে ড্র করা সম্ভব বলে বিশ্বাস তার।

spot_imgspot_img
spot_img

Related Articles