শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

শুরুতে পিছিয়ে পড়া, পেনাল্টি নষ্ট করা-সব হতাশা পেছনে ফেলে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় ফিরেছে তারা। তবে রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলে আবার এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ থাকবে বার্সেলোনার।

মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে শুক্রবার ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে স্বাগতিকরা। দারুণ দলীয় আক্রমণের পর পাবলো দুরান সেল্টাকে এগিয়ে দেন। শুরুতে রক্ষণে অস্বস্তিতে থাকা রিয়ালকে আরও চাপে ফেলেন হুগো আলভারেজ ও উইলিওত স্বেদবার্গ। আলভারেজের শট ঠেকান থিবো কোর্তোয়া, আর বাঁ দিক দিয়ে স্বেদবার্গ বারবার বিপদ তৈরি করেন।

প্রথমার্ধে ব্যর্থ রিয়াল মাদ্রিদ

প্রথমার্ধে এমবাপ্পে ও আরদা গুলের চেষ্টা সেল্টার রক্ষণ ভাঙতে পারেনি। ৩৯ মিনিটে এমবাপ্পেকে জাভি রদ্রিগেজ টেনে ধরায় পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ফরাসি তারকার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। গ্যালারিতে থাকা রাফায়েল নাদালও হতাশায় মাথায় হাত দেন।

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়
পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর কিলিয়ন এমবাপ্পে

নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন ভিনিসিয়ুস

চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও ভিনিসিয়ুস জুনিয়রকে শুরুতে বেঞ্চে রেখেছিলেন কোচ হোসে মরিনিও। ৫৭ মিনিটে মাঠে নামার পর দ্রুত ম্যাচে প্রভাব ফেলেন ব্রাজিলিয়ান। বাঁ দিক দিয়ে বল নিয়ে এমবাপ্পেকে পাস দেন; এমবাপ্পের পেছন থেকে দেওয়া বল বক্সের বাইরে পেয়ে নিচু শটে জুড বেলিংহাম গোল করে সমতা ফেরান।

শেষ দিকে জয়ের জন্য মরিয়া রিয়াল। পাঁচ মিনিট বাকি থাকতে ভিনিসিয়ুসের ক্রস থেকে কার্লোস এস্পির হেড প্রথমে ঠেকান গোলরক্ষক আয়োনুত রাদু। ফিরতি বল পেয়ে জালে পাঠান এস্পি। মাঠে নামার মাত্র ছয় মিনিটের মধ্যে জয়সূচক গোল করে নায়ক হন তিনি।

গত মৌসুমে এই মাঠেই সেল্টা ২-০ ব্যবধানে জিতেছিল; সেই ম্যাচে আটজন নিয়ে শেষ করতে হয়েছিল রিয়ালকে। এবারও শুরুতে গোল খেয়ে পুরোনো দুঃস্মৃতি ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছিল। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড বিরল সুযোগ পেয়ে শুরুর একাদশে ছিলেন, কিন্তু ইংলিশ ডিফেন্ডারের রাত সুখকর হয়নি-এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তাকে তুলে নেওয়া হয়।

স্বেদবার্গ একবার সাইডনেটে শট নেন, পরে কোর্তোয়াকে কঠিন পরীক্ষায় ফেলেন। ম্যাচ শুরুর আগে জেসুস দে মিগেলের বাবা, বিধবা স্ত্রী ও বোন স্মারক জার্সি পান; খেলোয়াড়দের নীরবতা ও করতালিতে শ্রদ্ধা জানানো হয়।

spot_imgspot_img
spot_img

Related Articles