জানুয়ারিতে চূড়ান্ত হচ্ছে আইসিসির ২০২৭-৩১ এফটিপি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) জিম্বাবুয়ের অন্তর্ভুক্তি নিয়ে চলমান আলোচনার কারণেই এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) চূড়ান্ত করতে দেরি হচ্ছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) পরবর্তী চক্র চূড়ান্ত করতে যাচ্ছে আইসিসি। জানা গেছে ২০২৭ সালের জানুয়ারিতে ২০২৭-৩১ এফটিপি প্রস্তুত হয়ে যাবে। এর পরপরই সাদা বলের দ্বিপাক্ষিক সূচিও তৈরি করা হবে এবং আগামী মার্চে আইসিসি বোর্ডের পরবর্তী ত্রৈমাসিক সভায় চূড়ান্ত খসড়াটি অনুমোদিত হবে।

সম্প্রতি বালিতে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় পরবর্তী এফটিপি চক্রের জন্য নিজ নিজ দেশের হোম ও অ্যাওয়ে দ্বিপাক্ষিক ক্যালেন্ডার চূড়ান্ত করে জমা দিতে সদস্য বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে আইসিসি। শুরুতে বোর্ডগুলোকে ম্যাচের সংখ্যাসহ টেস্ট ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজের তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। জানা গেছে, এফটিপির খসড়া চূড়ান্ত করতে আগামী ডিসেম্বরে আরেকটি এফটিপি কর্মশালার আয়োজন করেছে আইসিসি। বৈশ্বিক ক্রিকেট সূচিতে কোনো ব্যাঘাত না ঘটিয়ে বোর্ডগুলো পরবর্তীতে তাদের সাদা বলের দ্বিপাক্ষিক সূচিতে যেকোনো নতুন সিরিজ যোগ করার স্বাধীনতা পাবে বলেও জানিয়েছে আইসিসি।

জিম্বাবুয়ের সাম্প্রতিক সময়ের পারফর্ম্যান্স নজরকাড়া

এফটিপিতে থাকছে দুই ডব্লিউটিসি ফাইনাল

বিশ্বকাপ ছাড়াও এই এফটিপিতে ২০২৯ ও ২০৩১ সালে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্তর্ভুক্ত থাকবে। ২০১৯ সালে শুরুর পর থেকেই আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে ৯টি দল নিয়ে ডব্লিউটিসি অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। সাদা বলের ক্রিকেটে দেশগুলো নিজেরাই প্রতিপক্ষ ঠিক করতে পারলেও টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে আইসিসি সূচি বা ম্যাচ-আপ নির্ধারণ করে দেয় এবং দেশগুলো নিজেদের সুবিধা মতো সময়ে সিরিজগুলো আয়োজন করে।

বর্তমান এফটিপির (২০২৩-২৭) মেয়াদ আগামী বছরের মার্চে শেষ হবে এবং স্বাভাবিক নিয়মে এতদিনে নতুন এফটিপি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা ছিল। এই বিলম্বের পেছনে সবচেয়ে বড় কারণ হলো ডব্লিউটিসির পরিধি বাড়ানো নিয়ে চলমান বিতর্ক-যে ধারণাটি মূলত ২০২৫ সালে আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব করেছিল। বালির সভায় ডব্লিউটিসি ৯ দলের মধ্যেই সীমাবদ্ধ রাখার বিষয়ে একমত হওয়া গিয়েছিল এবং সেভাবেই এগোনোর কথা ছিল।

জিম্বাবুয়ে এতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরবর্তী চক্রের জন্য ইতিমধ্যে ৭টি সিরিজ নিশ্চিত করেছে। জানা গেছে, অন্তত ২০২৯-২০৩১ ডব্লিউটিসি চক্রেও যেন তাদের অন্তর্ভুক্ত করা হয়, সে বিষয়ে পুনরায় আলোচনা শুরু করতে আগামী ৩ সপ্তাহের মধ্যে আইসিসির সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করছে তারা।

ডব্লিউটিসির বাইরে থাকা অপর দুই পূর্ণ সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান আর্থিক ব্যয়ের কারণে টেস্ট ক্রিকেটের প্রতি তেমন আগ্রহী নয়। চলতি বছরের জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী সারাহ কিন বিবিসি স্পোর্টকে বলেছিলেন, ডব্লিউটিসিতে অন্তর্ভুক্তির সম্ভাবনাটি “রোমাঞ্চকর”, তবে এর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে “বড় ধরনের আলোচনার” প্রয়োজন। অন্যদিকে আফগানিস্তানের ক্ষেত্রে, দেশটিতে নারীদের প্রতি ক্ষমতাসীন তালেবানের দমনমূলক নীতির কারণে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো সদস্য দেশগুলোর মধ্যে অস্বস্তি রয়েছে-যার ফলে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন করতে তাদের বেশ বেগ পেতে হবে।

spot_imgspot_img
spot_img

Related Articles