হামবুর্গের সঙ্গে গোলশূন্য ড্র বায়ার্নের

তারকা খেলোয়াড়দের ইনজুরি, অধিনায়ক জশুয়া কিমিখের লাল কার্ড-সব প্রতিকূলতা সামলে বুন্দেসলিগায় অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। তবে হামবুর্গের মাঠে গোলশূন্য ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল।

ড্রয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে চাপে পড়তে পারে বায়ার্ন। সুযোগ রয়েছে শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সামনে। রবিবার বায়ার লেভারকুসেনকে হারাতে পারলে বায়ার্নের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে চার।

শনিবার হামবুর্গের বিপক্ষে ম্যাচে বায়ার্নের একাদশ সাজানোই ছিল কোচ কোম্পানির জন্য বড় চ্যালেঞ্জ। ইনজুরির কারণে দলে ছিলেন না হ্যারি কেইন, মাইকেল অলিসে, জামাল মুসিয়ালা, সার্জ নাব্রি ও ইসমাইল সাইবারিসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফলে আক্রমণভাগে নতুন মুখের ওপর ভরসা করতে হয় কোম্পানিকে। ১৯ বছর বয়সী নোয়াহ কোদজো-এভোরাকে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা দেন তিনি।

প্রথমার্ধেই বড় ধাক্কা বায়ার্নের

তবে ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় বায়ার্ন। অধিনায়ক কিমিখ প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষ খেলোয়াড় তাঁর গায়ে ধাক্কা দেওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে কিমিখ তাঁর চুলের পেছনের অংশ টেনে ধরেন। ঘটনাটি রেফারির নজরে আসতেই লাল কার্ড দেখতে হয় জার্মান মিডফিল্ডারকে। ফলে বিরতির আগেই ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।

বল দখলের লড়াই

দ্বিতীয়ার্ধে পরিস্থিতি সামাল দিতে বদলি খেলোয়াড় নামান কোম্পানি। বারা সাপোকো এনদিয়ায়ের পরিবর্তে মাঠে নামেন লুইস দিয়াজ। কিছুক্ষণ পর ১৮ বছর বয়সী লেনার্ট কার্লের জায়গায় কনরাড লাইমারকে নামান তিনি। একজন কম নিয়ে খেলেও প্রতিপক্ষকে গোলের সুযোগ না দেওয়ার পাশাপাশি নিজেরাও ব্যবধান গড়তে পারেনি বায়ার্ন।

ইনজুরি মাঠ ছাড়নে লাইমার

ম্যাচের শেষ দিকে নতুন করে দুশ্চিন্তায় পড়ে দলটি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় লাইমারকে। ফলে ম্যাচ শেষে বায়ার্নের চোটের তালিকায় যুক্ত হয় আরও একটি নাম।

অন্যদিকে হামবুর্গের হয়ে আলোচনায় ছিলেন মারিও ভুসকোভিচ। ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান তিনি। পুরো ম্যাচ খেলে দলের গোলশূন্য ড্র নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।

বুন্দেসলিগার অন্য ম্যাচগুলোতে ছিল গোলের বন্যা। শালকেকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে পাডারবর্ন। ক্লাবটির বুন্দেসলিগা ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। অন্যদিকে এলভার্সবার্গকে ৫-০ গোলে হারিয়েছে কোলন। ম্যাচে হ্যাটট্রিক করেছেন মারিয়ুস বুল্টার।

spot_imgspot_img
spot_img

Related Articles