কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবার একসঙ্গে খেলতে নেমেই আলো ছড়ালেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম দিন হাসান নিয়েছেন ৪ উইকেট, খালেদের শিকার ৩। বাংলাদেশের দুই পেসারের দারুণ বোলিংয়ের পরও অবশ্য প্রথম ইনিংসে ৩০০ রান তুলেছে ডার্বিশায়ার।
ডার্বির কাউন্টি গ্রাউন্ডে টস হেরে ফিল্ডিংয়ে নামা কেন্টের হয়ে প্রথম ওভারেই বল হাতে পান হাসান। প্রথম দুই বলেই জোড়া উইকেট নিয়ে শুরুটা করেন স্বপ্নের মতো। অফ স্টাম্পের বাইরে থেকে বাড়তি লাফ পাওয়া বলে স্লিপে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দেন হ্যারি কেইম। পরের বলেই তীক্ষ্ণভাবে ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হন ম্যাথু মন্টেগোমারি।
আগের তিন ম্যাচে প্রথম ওভার করার সুযোগ পাননি হাসান। এবার সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দেন এই পেসার। পরে আরও দুই উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেন ৪ উইকেট নিয়ে। ১৫.৫ ওভার বল করে ৩০ রান দিয়েছেন তিনি।
হাসানের জোড়া আঘাতের পর ডার্বিশায়ারের ব্যাটিংয়ে আবারও চাপ তৈরি করেন খালেদ। প্রথম পরিবর্তন বোলার হিসেবে আক্রমণে এসে তৃতীয় ওভারেই পান নিজের প্রথম কাউন্টি উইকেট। ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন তরুণ মুহাম্মেদ নাইমকে। এরপর অভিজ্ঞ ওয়েন ম্যাডসেনকেও একইভাবে ফেরান বাংলাদেশের এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে ১৭ হাজারের বেশি রান করা ম্যাডসেন থামেন ২৯ রানে।
লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ডার্বিশায়ার। পরে মার্টিন অ্যান্ডারসন ও লুইস রিসের ৯১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। রিসকে ৩২ রানে ফেরান একানশ সিং। এরপর ব্রুক গেস্টকে এলবিডব্লিউ করে নিজের তৃতীয় উইকেট নেন হাসান।
একপর্যায়ে ৭ উইকেটে ১৭২ রানে নেমে আসা ডার্বিশায়ারকে শেষ পর্যন্ত ৩০০ রানে নিয়ে যান অ্যান্ডারসন। ব্রেট র্যান্ডালের সঙ্গে তাঁর ৮৪ রানের জুটি দলকে বড় ধস থেকে বাঁচায়। র্যান্ডাল ২৯ রানে ফিরলেও অ্যান্ডারসন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৯ রানে। ১৯০ বলের ইনিংসে ছিল ১৫টি চার।
শেষ দিকে জ্যাক মর্লিকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন খালেদ। আর শেষ ব্যাটসম্যান শোয়েব বাশিরকে এলবিডব্লিউ করে ডার্বিশায়ারের ইনিংস শেষ করেন হাসান।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম ম্যাচেই খালেদের ৩ উইকেট এসেছে ৭৩ রানে। অন্যদিকে আগের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে ৭ উইকেট নেওয়া হাসানের এবারের ৪ উইকেট নিয়ে চার ম্যাচে তাঁর শিকার দাঁড়িয়েছে ২৩।
ডার্বিশায়ারের ৩০০ রানের জবাবে দিন শেষে কেন্টের সংগ্রহ ১ উইকেটে ১১ রান।


