বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনাল, জিডি ট্রফি জিতলো অনূর্ধ্ব-১৯ দল

বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত মাঠে গড়াল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার গেম ডেভেলপমেন্ট ট্রফি অর্থাৎ জিডি ট্রফির ফাইনাল। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, ফাইনালে কোনো ফল না হলে পয়েন্ট টেবিলে তুলনামূলক ভালো অবস্থানে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। সেই নিয়মেই শিরোপা উঠেছে অনূর্ধ্ব-১৯ দলের হাতে।

টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার এসকে জারিফ সিয়াম। চার ম্যাচে ৯৬ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ১৮০ রান করেছেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে একটি ব্যাট উপহার দেওয়া হয়েছে।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে শুরুতেই চাপে পড়ে তারা। এরপর মোহাম্মদ আবদুল্লাহ ৫৪ বলে ৪৭ রান করে ইনিংস সামলানোর চেষ্টা করেন। আহরার আমিন পিয়ান করেন ৬১ বলে ৪৬ রান। দেবাশীষ সরকার দেবা ৪১ বলে ৪৩ রান করে অবদান রাখেন।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২৬ বলে দ্রুত ৩১ রান করলে কিছুটা গতি পায় অনূর্ধ্ব-২৩ দলের ইনিংস। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় তারা।

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে ছিলেন তাফিউল আলম তামিম। দুর্দান্ত বোলিংয়ে তিনি একাই নেন ছয় উইকেট। শেখ আতিউর রহমান শিকার করেন তিন উইকেট। একটি উইকেট পান আল রাফি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে ১৭.২ ওভারে ৫ উইকেটে ৯৯ রান করার পর আবারও বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আর ম্যাচ শুরু করা সম্ভব না হওয়ায় ফাইনাল পরিত্যক্ত ঘোষণা করা হয়।

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আবদুল্লাহ আল মুয়ী ১৯ বলে ২০ রান করেন। ফারহান সাদিক মাত্র ১৫ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। আহসান আল মুমিন করেন ২৭ বলে ২৪ রান।

অনূর্ধ্ব-২৩ দলের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, স্বাধীন ইসলাম ও আহরার আমিন পিয়ান।

ফাইনাল শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে নিষ্পত্তি না হলেও টুর্নামেন্টের ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জিডি ট্রফি ঘরে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles