বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে শুক্রবার থেকে জাতীয় স্টেডিয়াম ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্স-২০২৬’। বিভিন্ন জেলা ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণের মাধ্যমে রেসলিংয়ে দক্ষ রেফারি তৈরির উদ্যোগ নিয়েছে ফেডারেশন।
কোর্স আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হলেও গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাজহারুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম. আর. আলী ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন, কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে নারী-পুরুষের অংশগ্রহণ
ফেডারেশনের দেওয়া নামের তালিকা অনুযায়ী, প্রশিক্ষণে মোট ৩৬ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৯ জন নারী।
অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জেলা ও সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে রেসলিংয়ের নিয়মকানুন, রেফারিংয়ের কৌশল এবং প্রতিযোগিতা পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

দেশে রেসলিংয়ের প্রতিযোগিতা সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য দক্ষ রেফারির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে খেলাটির মানোন্নয়ন এবং বিচারকাজে পেশাদারত্ব বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কোর্সে অংশগ্রহণকীরারা জানিয়েছেন, ফেডারেশনের এই উদ্যেগ দেশে রেসলিংয়ের প্রসারে বড় ভূমিকা রাখবে এই ধরনের উদ্যেগ নিয়মিতই দেখতে চান তারা।


