ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে শুধু জয়ই নয়, ফাইনালে যাওয়ার সমীকরণও মিলাতে হবে টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস।
সিরিজের লড়াই এখন বেশ জমে উঠেছে। একটি করে জয় নিয়ে ২ পয়েন্ট করে পেয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ফলে পয়েন্ট তালিকার শীর্ষ দুই স্থানে রয়েছে দল দুটি। অন্যদিকে, এখনো জয়ের দেখা না পাওয়া বাংলাদেশের পয়েন্ট শূন্য। তবে লিগ পর্বে একটি ম্যাচ বাকি থাকায় ফাইনালে ওঠার আশা এখনো টিকে আছে তাদের।
জিম্বাবুয়েকে হারানোর পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের শক্তিমত্তা ও ঘুরে দাঁড়ানোর সামর্থ্যের কথা তুলে ধরেছেন আফগান কোচ পাইবাস। প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ যে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরতে চাইবে, সেটি ভালোভাবেই বুঝতে পারছেন তিনি।
পাইবাস বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচের হার তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’
এদিকে, জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ফাইনালে ওঠার সমীকরণ সম্পর্কে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন ব্রায়ান বেনেট। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, এ বিষয়ে আমার একদমই কোনো ধারণা নেই।’
ম্যাচের পার্থক্য তুলে ধরে বেনেট আরও বলেন, ‘প্রথম ম্যাচের মতো আজ সুইং হয়নি। উইকেটও অনেক ভালো ছিল। তবে ব্যাটাররা নিজেদের কাজটা করতে পারেনি। এ কারণেই আমরা হেরেছি।’
আগামী ২১ অক্টোবর শারজাহতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে হলে এই ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি সমীকরণও নিজেদের পক্ষে আনতে হবে টাইগারদের। অন্যদিকে, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা মাথায় রেখে সতর্ক অবস্থানেই থাকতে চাইবে আফগানিস্তান।




