তবু হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

লিওনেল মেসি মাঠে নামলেন দ্বিতীয়ার্ধে। তাঁর পায়ে বল যেতেই আক্রমণে গতি বাড়ল ইন্টার মায়ামির, তৈরি হলো গোলের সুযোগও। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার জাদুতেও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না দলটি। মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরে টানা তিন জয়ের পর থামতে হলো মায়ামিকে। একই সঙ্গে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল কিংবা গোলে সহায়তার ধারাও শেষ হলো আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির।

শনিবার নিউ জার্সির হ্যারিসনে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে প্রথম একাদশে রাখেননি ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস। ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। ক্যাড কাউয়েলের বাড়ানো ক্রস থেকে যুক্তরাষ্ট্রের তরুণ ফরোয়ার্ড জুলিয়ান হলের চাপের মুখে বল নিজেদের জালে পাঠিয়ে দেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার কাসেমিরো। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস।

বিরতির পর মাঠে মেসি

প্রথমার্ধে গোল শোধ করতে না পারা মায়ামি বিরতির পর মাঠে নামায় মেসিকে। ৫৬ মিনিটে তাঁর প্রবেশে দলের আক্রমণে প্রাণ ফেরে। নিজের চেনা ছন্দে বল নিয়ন্ত্রণ, সতীর্থদের সঙ্গে ছোট ছোট পাস এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা-সব মিলিয়ে দর্শকদের সামনে কিছু ঝলকও দেখান তিনি। মেসির একটি রক্ষণচেরা পাস থেকেই সমতা ফেরানোর সবচেয়ে ভালো সুযোগটি তৈরি হয়। তবে তেলাস্কো সেগোভিয়ার শট ক্রসবারে লেগে ফিরে এলে গোল পাওয়া হয়নি মায়ামির।

তবু হার এড়াতে পারল না ইন্টার মায়ামি
সাইড বেঞ্চে মেসি

এরপর সমতা ফেরানোর জন্য আরও মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। কিন্তু গোলের সন্ধানে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ায় নিউইয়র্ক। ক্যামেরন হারপারের পাস থেকে সহজ ফিনিশিংয়ে গোল করেন এমিল ফর্সবার্গ। তাতেই নিশ্চিত হয় স্বাগতিকদের ২-০ গোলের জয়।

হতাশা লুকাননি কোচ গঞ্জালেস

দলের পারফরম্যান্সে হতাশা লুকাননি কোচ গঞ্জালেস। তিনি বলেন, মাঝমাঠে মায়ামি অনেক বেশি বল হারিয়েছে, পেছন থেকে আক্রমণ গড়ে তুলতেও সমস্যায় পড়েছে দল। এসবের দায় নিজের কাঁধে নিয়ে কোচ জানান, বিরতিতে খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হলেও পুরো পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট নন।

এমএলএসে চলতি মৌসুমে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা মেসিও এদিন গোল কিংবা গোলে সহায়তা করতে পারেননি। ফলে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল-অবদানের ধারার অবসান ঘটল।

spot_imgspot_img
spot_img

Related Articles