পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে শুক্রবার। এদিনই রাতে বিসিবি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে-টি২০ সিরিজের সূচি জানিয়েছে।
ঘরের মাটিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ আগামী মে ও জুন মাসে। গত মাসেই বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে পাকিস্তান। আবার তারা আসবে মে মাসের শুরুতে।
মে মাসের তিন তারিখে বাংলাদেশে আসবে পাকিস্তানের টেস্ট দল। তারা খেলবে দুই টেস্টের সিরিজ। আগামী ৮ই মে প্রথম টেস্ট মাঠে গড়াবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে। সেই ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উভয় ম্যাচের অবশ্য শুরুর সময় জানায়নি বিসিবি।
এই মুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ড দলকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শেষ হবে মে মাসের দুই তারিখে। পরদিনই ঢাকায় এসে পৌঁছুবে পাকিস্তান দল। অর্থাৎ আলাভাবে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে না বাংলাদেশের ক্রিকেটারদের।
অথচ এই দুটি টেস্ট বেশ গুরুত্বপূর্ণ। কারণ ২০২৫-২৭ চক্রে এটি চতুর্থ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু ঘরের মাঠে এই সিরিজ খেলতে নামার আগে ক্রিকেটারদের বিশ্রামও নেই, প্রস্তুতি নেওয়ারও সুযোগ নেই।
সবশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। ওইবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ
কিউইদের বিপক্ষে চলমান সিরিজ শেষেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। সেই সিরিজ শেষ হওয়ার ১০/১২ দিনের মধ্যেই আবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে। তার মানে ক্রিকেটারদের দম ফেলার কোনো সুযোগ থাকছে না।
জুনে অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ বছর আগে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া।
২০১১ সালের পর থেকে দুই দলের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হয়নি। এছাড়া ২০২১ সালে অজি টি-২০ দল বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলে। গত ৫ বছরে আর দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি এই ফরম্যাটেও।
আগামী জুনে সেই অপেক্ষা ফুরাচ্ছে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। সকাল ১১টা থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আগামী ৯, ১১ ও ১৪ জুন। আর দুপুর ২টায় শুরু হবে টি-২০ ম্যাচগুলো ১৭, ১৯ ও ২১ জুন।
দুই সিরিজের ভেন্যু এখনো নির্ধারণ করেনি বিসিবি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসে ভেন্যু পরিদর্শন করার পর তা নির্ধারণ করা হবে।
