এবারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মৌসুমে দেখা গেলো ভিন্নধর্মী এক ঘটনা। সাধারণত অর্থনৈতিক দিক বিবেচনায় বিশ্বের অধিকাংশ ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলকে প্রাধান্য দিয়ে থাকেন। তবে এবারের আসরের আগে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে খেলতে বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগ, পিএসএল।
সাধারণত পিএসএল থেকে আইপিএলে যাওয়ার প্রবণতাই বেশি দেখা যায়। এর অন্যতম কারণ বেশি পারিশ্রমিক ও বৃহত্তর প্ল্যাটফর্ম। অনেক ক্রিকেটারই পিএসএলের চুক্তি ছেড়ে আইপিএলে অংশ নেন নিজেদের ক্যারিয়ার ও আর্থিক সুবিধার কথা বিবেচনা করে। কিন্তু জাম্পা সেই স্রোতের বিপরীতে হেঁটে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। যা ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
নিজের এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাম্পা স্পষ্টভাবে জানিয়েছেন যে, এবারের আইপিএলে খেলার কোনো আগ্রহই তার ছিল না। তিনি বলেন, “এবার আইপিএল খেলতে চাইনি। আমার ইচ্ছা ছিল না। তাই নিজেকে সরিয়ে নিয়েছি।” তার এই মন্তব্য থেকেই বোঝা যায়, সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং পরিকল্পিত।
তিনি আরও বলেন, তার মতো একজন ক্রিকেটারের কাছে অর্থই সবকিছু নয়। জাম্পার ভাষায়, “সত্যি বলতে আমার মতো ক্রিকেটারের কাছে টাকাটা বড় আকর্ষণ হতে পারে না। দক্ষতাই আসল।” এই বক্তব্যে স্পষ্ট হয় যে, তিনি নিজের খেলার মান ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকেই প্রাধান্য দিয়েছেন।
আইপিএলকে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি হিসেবে উল্লেখ করে জাম্পা বলেন, সেখানে খেলতে হলে দীর্ঘ সময়ের প্রতিশ্রুতি দিতে হয়, যা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন পিএসএল থেকে খেলার প্রস্তাব আসে।
জাম্পা আরও জানান, প্রায় এক মাস আগে তিনি পিএসএল থেকে প্রস্তাব পান এবং এরপর খুব দ্রুতই সবকিছু চূড়ান্ত হয়ে যায়। তিনি বলেন, “ভাবছিলাম কয়েকদিন বিরতি নেব। কিন্তু এক মাস আগে পিএসএলের প্রস্তাব পেলাম, এরপর সবকিছু দ্রুত হয়ে গেল। এখন আমি প্রতিযোগিতাটা উপভোগ করছি।”
দারুণ ছন্দে আছেন অ্যাডাম জাম্পা
পিএসএলে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ছন্দে আছেন এই অজি লেগ স্পিনার। করাচি কিংস- এর হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। লাহোর কালান্দার্স – এর বিপক্ষে দুর্দান্ত বোলিং করে চার উইকেট শিকার করেছেন জাম্পা। যা তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
সবমিলিয়ে অ্যাডাম জাম্পা-র এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বের প্রচলিত ধ্যানধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। অর্থ নয়, বরং ব্যক্তিগত পছন্দ, সময় ব্যবস্থাপনা এবং পারফরম্যান্সের বিষয়গুলোকেও যে একজন ক্রিকেটার সমান গুরুত্ব দিতে পারেন। সেটিই যেন প্রমাণ করলেন অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা।
