গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিস্মরণীয় সাফল্য পেয়েছিল আফগানিস্তান। নিজেদের সেরা সাফল্য হিসেবে সেমিফাইনাল খেলে। কিন্তু এবার টানা দুই হারে আগেই ছিটকে পড়ে গ্রুপ পর্ব থেকে। তবে আজ চেন্নাইয়ে কানাডাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের মতো বিশ্বকাপ মিশন শেষ করেছে আফগানিস্তান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে চার উইকেটে ২০০ রানের বিশাল সংগ্রহ গড়ে। ওপেনিং জুটিতে ৪৭ রান করে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ২০ বলে পাঁচটি চারে ৩০ রান করেন।
তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহ আতাল ৯৫ রানের যে জুটি গড়েন তাতেই বড় সংগ্রহ পায় আফগানরা। সেদিকউল্লাহ ৩২ বলে দুটি করে চার-ছক্কায় ৪৪ রানে বিদায় নেন। কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম টিকে থাকেন।
টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের পক্ষে সেরা ব্যক্তিগত ইনিংস উপহার দিয়ে ইব্রাহিম অপরাজিত থাকেন ৯৫ রানে। তিনি ৫৬ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় এই ইনিংস খেলেন। চলতি বিশ্বকাপেই গুরবাজের ৮৪ রান এর আগে সেরা ছিল আফগানদের পক্ষে। জাসকারান সিং একাই তিনটি উইকেট নেন ৪ ওভারে ৫২ রান দিয়ে।
নবির অফস্পিনে নাজেহাল কানাডার ব্যাটাররা
বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২.১ ওভারেই ২৫ রান তুলে ফেলে কানাডা। কিন্তু অফস্পিনার মুজিব উর রহমান প্রথম আঘাত হানেন। সাজঘরে ফেরেন দিলপ্রীত বাজওয়া (৭ বলে ১৩)। এরপর মোহাম্মদ নবির অফস্পিনে নাজেহাল হয়েছেন কানাডার ব্যাটাররা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কানাডা। তাই রান তোলার ক্ষেত্রে কচ্ছপের গতি দেখা গেছে। আফগান স্পিনারদের সামনে বিপর্যস্ত ব্যাটারদের মধ্যে লড়াই করে হর্ষ ঠাকুর ২৪ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩০ এবং সা’দ বিন জাফর ২৬ বলে তিনটি চার, একটি ছয়ে ২৮ রান করেছেন।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে আট উইকেটে মাত্র ১১৮ রান করতে পেরেছে কানাডা। মোহাম্মদ নবি চার ওভারে মাত্র ৭ রান খরচায় চারটি উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন তাদের ইনিংস। এটি তার ক্যারিয়ারসেরা বোলিং। এছাড়া রশিদ খান চার ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান- ২০০/৪; ২০ ওভার (ইব্রাহিম ৯৫*, সেদিকউল্লাহ ৪৪, গুরবাজ ৩০; জাসকারাত ৩/৫২)।
কানাডা- ১১৮/৮; ২০ ওভার (হর্ষ ৩০, সা’দ ২৮, যুবরাজ ১৭; নবি ৪/৭, রশিদ ২/১৯)।
ফল : আফগানিস্তান ৮২ রানে জয়ী।
ম্যাচসেরা : ইব্রাহিম জাদরান।
