ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সিরিজকে সামনে রেখে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি আশা প্রকাশ করেছেন যে, অভিজ্ঞ ব্যাটার বাবর আজম তাঁর ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্ম জাতীয় দলেও ধরে রাখবেন।
সম্প্রতি সমাপ্ত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়েছেন বাবর। এই টুর্নামেন্টে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামনাবাদ ইউনাইটেডের বিপক্ষে দু’টি চোখধাঁধানো সেঞ্চুরিও করেন তিনি।
গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ফর্মের জন্য স্ট্রাগল করা বাবরকে গত মার্চে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ওয়ানডে সিরিজে স্কোয়াডে রাখা হয়নি। তবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দলে তাঁর প্রত্যাবর্তনের পর শাহীন আফ্রিদি বাবরকে পাকিস্তানের মিডল অর্ডারের ‘মেরুদণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। এক সংবাদ সম্মেলনে শাহীন বলেন,
“আমরা আশা করি পিএসএলের সেই ফর্ম ও ধারাবাহিকতা ওয়ানডে সিরিজেও বজায় থাকবে এবং বাবর পাকিস্তানের জন্য ম্যাচ জয়ী পারফরম্যান্স উপহার দেবেন।”
বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। দলে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি এবং গাজী ঘুরি ও রোহাইল নাজিরের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠলে শাহীন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন:
অতীতে তিনি নিজে এবং বাবর আজমও দল থেকে ড্রপ পড়েছেন।
রিজওয়ানের এই সিরিজে না থাকা মানেই তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয়।
ভবিষ্যতের বিশ্বকাপ দল গঠনের জন্য নতুনদের সুযোগ দেওয়াটা জরুরি, তবে এটি কারও ক্যারিয়ারের সমাপ্তি ঘটায় না।
উল্লেখ্য, চোটের কারণে নিয়মিত দুই ওপেনার ফখর জামান এবং সাইম আইয়ুবও এই সিরিজে খেলতে পারছেন না। এছাড়া হেড কোচ মাইক হেসনের কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে মন্তব্যের জবাবে শাহীন বলেন, দলগত পারফরম্যান্সই তাঁর মূল ফোকাস এবং কোচ নির্দিষ্ট খেলোয়াড়দের সাথে এ বিষয়ে কথা বলে সমস্যার সমাধান করবেন। পাশাপাশি পাকিস্তানি পেসাররা তাঁদের চেনা গতি ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন বলেও তিনি জানান।
পাকিস্তানের হাজারতম ম্যাচ
রাওয়ালপিন্ডিতে আজ (শনিবার) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। এটি পাকিস্তান ক্রিকেট ইতিহাসের ১,০০০তম ওয়ানডে ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচ এবং সিরিজ জিতে মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে চান অধিনায়ক শাহীন।
অন্যদিক, সফরকারী অস্ট্রেলিয়া দলও পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে আসতে পারেনি। ভারতের টি-টুয়েন্টি লিগ খেলার পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং ট্র্যাভিস হেডকে।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া মিচেল মার্শও গোড়ালির চোটের কারণে ছিটকে গেছেন। ফলে জশ ইংলিসের নেতৃত্বে মাঠে নামবে অজিরা। দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ব্যাটার অলি পিক এবং অলরাউন্ডার লিয়াম স্কট। দীর্ঘ ৭ বছর পর দলে ফিরেছেন পেসার বিলি স্ট্যানলেক।
ভারপ্রাপ্ত অজি অধিনায়ক ইংলিস প্রতিপক্ষকে সমীহ করে বলেন, পাকিস্তান অত্যন্ত শক্তিশালী দল এবং তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
গরমের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সময়সূচি
পাকিস্তানে তীব্র দাবদাহ ও গরমের কথা বিবেচনা করে খেলোয়াড়দের স্বস্তির জন্য ম্যাচগুলোর সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। তীব্র গরমের প্রভাব এড়াতে ম্যাচগুলো বিকেল ৪:৩০ মিনিটে শুরু হবে। অস্ট্রেলিয়ার শীতকালীন আবহাওয়া থেকে আসা খেলোয়াড়দের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন ইংলিস, তবে দেরিতে ম্যাচ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি মিলবে বলে তিনি আশাবাদী। সিরিজের বাকি দুটি ম্যাচ আগামী ২ ও ৪ জুন লাহোরে অনুষ্ঠিত হবে।
