পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতির কোনো ঘাটতিই রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বাছাই করা পারফর্মারদের নিয়ে গড়া হয়েছে বিসিএল অল স্টারস স্কোয়াড। তাদের বিপক্ষে প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে আগামীকাল বাংলাদেশ জাতীয় দল। ১৫ সদস্যের অল স্টারস স্কোয়াডের নেতৃত্ব দেবেন আকবর আলি।
জাতীয় দলের যতগুলো পাইপলাইন আছে এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সফল যে দলগুলো সবখানেই এখন নেতৃত্বে দেখা যায় আকবর আলীকে। তিনি অধিনায়ক হিসেবে বেশ সাফল্যও পাচ্ছেন। সে কারণে বড় কোনো ধরণের প্রতিযোগিতা হলেই আকবরের নেতৃত্বে দল দেখা যায়।
এবার জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচেও আকবর নেতৃত্বে থাকছেন বিসিএল অল স্টারসের। কিছুদিন আগে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট হয়েছে। সেটিও মূলত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবেই অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেটাররা দীর্ঘ সময় পর ওয়ানডে ফরম্যাটে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগটা ভালোই পেয়েছেন।
বাংলাদেশ দলের ওয়ানডে প্রস্তুতি
বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ গত বছর অক্টোবরে ওয়ানডে খেলেছে। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এখন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটিও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আইসিসি র্যাঙ্কিংয়ে অন্তত ৯ নম্বরে থাকতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সেই অবস্থানে থাকতে হবে।
এ কারণে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতটা অত্যন্ত জরুরি। তাহলেই র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠবে বাংলাদেশ। তাই ওয়ানডে ফরম্যাটে বিসিএল শেষ করার পর এবার জাতীয় দলকে খেলানো হবে আসরের সেরা পারফর্মারদের বিপক্ষে। এটাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে জাতীয় দলের ক্রিকেটারদের শেষ পরীক্ষা।
বিসিএলে বাছাই করা পারফর্মারদের নিয়ে গড়া হয়েছে এই অল স্টারস স্কোয়াড। অবশ্য জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও তানভির ইসলাম আছেন এই দলটিতে। আগামীকাল দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মিরপুরেএ নামবেন আকবররা। ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলটাই খেলবে বিসিএল অল স্টারসের বিপক্ষে।
বিসিএল অল স্টারস স্কোয়াড
আকবর আলি (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভির ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাঈম হাসান।
